২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি প্রথম দিনে অনুপস্থিত ৭৭১৪, বহিষ্কার ৬৪

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার সারাদেশে সাত হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার সারাদেশে সাত হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসদুপায় অবলম্বনের জন্য এদিন ৬৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আটটি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সকালে পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজ ও সিটি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, পরীক্ষার জন্য নিবন্ধিত হলেও ঢাকা বোর্ডের ২ হাজার ৫৪ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো। এ বোর্ডে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে চার শিক্ষার্থীকে। পরীক্ষার প্রথম দিন রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিলো ৭৭৯ জন। আর অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে পাঁচজনকে। কুমিল্লা বোর্ডে ৬৯৬ জন শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেয়নি। বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিলো ২৮৬ জন। এ বোর্ডে বহিষ্কার করা হয়েছে এক পরীক্ষার্থীকে। যশোর বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে চারজনকে। এ বোর্ডে অনুপস্থিত ছিলো ৭৪০ জন। চট্টগ্রাম বোর্ডে ৪৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে দুই জন পরীক্ষার্থী। আর সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলো ৩৬৩ জন। দিনাজপুর বোর্ডে পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬১৫ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে তিনজন। এছাড়া কারিগরী বোর্ডে ৫৫৮ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ১১৭৯ জন শিক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলো। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এ দুই বোর্ডে বহিষ্কার করা হয়েছে যথাক্রমে ৪০ ও পাঁচজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২১১২ ঘ.