চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেসরকারি 'মিউনিসিপাল মডেল হাই স্কুলে' বেতন- ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা।
বিদ্যালয়ের কয়েকশ' শিক্ষার্থী এতে অংশ নেয়।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে বিদ্যালয় সংলগ্ন নিউমার্কেট সড়কে এক সমাবেশের আয়োজন করা হয় ।
স্কুলের বর্ধিত বেতন-ফি কমানো, মানসম্মত টিফিন প্রদান, লাইব্রেরি, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবরেটরি সচল করাসহ ৯ দফা দাবিতে এ মানববন্ধন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি তৌহিদ টিপু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, শিমুল বৈষ্ণব, আহসান হাবিব ও বিপ্লব দাশ রিয়াদ প্রমুখ।
সমাবেশে তৌহিদ টিপু অভিযোগ করেন, শিক্ষাকে পণ্যে রূপান্তর করতে সারাদেশে যে চক্রান্ত চলছে তারই অংশ হিসেবে স্কুলের বেতন-ফি প্রতিবছর বাড়ানো হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ২০০৯ সালে এ বিদ্যালয়ে প্রতি শিক্ষার্থীর মাসিক বেতন ছিল ১৫০ টাক। ২০১০ সালে তা ১৭০ টাকা করা হয়। ২০১১ সালে বেতন বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকা।
অন্যদিকে মাসিক টিউটোরিয়াল পরীক্ষা ফি গত বছর ২০ টাকা ছিল। এবছর তা বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে বলে জানান তিনি।
সমাবেশে বক্তারা মাসিক বেতন ১৫০ টাকা ও টিউটোরিয়াল পরীক্ষার ফি আবারো ২০ টাকা ধার্যের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২১০৫ ঘ.
bdnews24