ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টলে স্টলে শিশুদের জন্য বই, ক্রেতা আর দর্শনার্থীরাও শিশু। সব মিলিয়ে 'বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা' যেন শিশুদেরও মেলা।
'দিনবদলে শরীক হই, গড়তে দেশ পড়ব বই' স্লোগান নিয়ে মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে এ মেলা। বেলা ১১টায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১২ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "শিশুদের জন্য এ বইমেলা একটি নতুন ও ব্যতিক্রমধর্মী আয়োজন। এ আয়োজন সবার জন্যই একটি আনন্দের বার্তা বয়ে এনেছে।"
আগামীতে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা বই পড়া ও কেনার অভ্যাস তৈরি করবে। তোমাদের যেমনভাবে ভালো লাগে, তেমনভাবেই উপভোগ করবে এই মেলাকে।"
মেলায় স্কুল শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত করতে প্রতিদিনই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মেলায় নিয়ে আসা হবে।
উদ্বোধনী দিনে পগোজ স্কুল ও হিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে ওছে একাডেমী প্রাঙ্গণ।
শিশুতোষ গ্রন্থ প্রকাশকারী ৬০টি প্রতিষ্ঠানের ৮৫টি স্টল রয়েছে এই মেলায়।
২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা।
এছাড়া শহীদ মতিউর মুক্তমঞ্চে থাকবে আলোচনা, ছড়া-কবিতা পাঠ, মুক্তিযুদ্ধের গল্প বলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
মঙ্গলবার শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব তারিক-উল-ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল আলম তালুকদার এবং শিশু একাডেমীর প্রকল্প পরিচালক ফয়সাল শাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৪৮ ঘ.
bdnews24