২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউডিএস সভাপতি-সাধারণ সম্পাদককে মারধর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধর করেছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধর করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ডিইউডিএস কার্যালয়ে সাপ্তাহিক বিতর্ক চলাকালে সভাপতি শাহাদাত হোসেন রণি ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শোভনকে মারধর করা হয়। হামলাকারীরা ছাত্রলীগ কর্মী বলে উপস্থিত বিতার্কিকরা জানিয়েছে। তারা বলেছে, এই কর্মীরা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিতর্ক ও নাট্য বিষয়ক সম্পাদক ও ডিইউডিএস'র সদ্যবিদায়ী সভাপতি সৈয়দ আশিক এবং সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হায়দার তুহিনের অনুসারী। হামলাকারীরা শোভনের বাম হাত ভেঙ্গে দিয়েছে। বিতার্কিকরা জানান, বিতর্ক সভায় বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রের অংশগ্রহণের সুযোগ রয়েছে। বৃহস্পতিবার বিতর্ক করার নামে অর্ধ-শতাধিক ছাত্রলীগ কর্মী ডিইউডিএস কার্যালয়ে আসে। তাদের কয়েকজন কার্যালয়ের ভেতরে ঢোকে এবং নাম নিবন্ধন করে। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী শাহেদুল সিজান (ফিন্যান্স বিভাগ) বিতর্ক অনুষ্ঠান মূলতবী করার নির্দেশ দেয়। কারণ জানতে চাইলে ছাত্রলীগ কর্মীরা কোন জবাব না দিয়ে রণি ও শোভনকে মারতে শুরু করে। এ সময় হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে একজন নারী বিতার্কিক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠনের কমিটি নিয়ে বিরোধের ফলে গত অক্টোবরে আট মাসের জন্য দুটি কমিটি ঘোষণা করেন ডিইউডিএস'র প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। একেক কমিটির চার মাস করে দায়িত্ব পালন করার কথা। রণি আরো জানান, ৩১ জানুয়ারি প্রথম কমিটির মেয়াদ শেষ হলেও প্রথম কমিটি দ্বিতীয় কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেনি। ফলে ৯ ফেব্র"য়ারি দ্বিতীয় কমিটি উপ-উপাচার্যের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে। রণি বলেন, "ছাত্রলীগের নাম করে এক শ্রেনীর বিতার্কিক নামধারী ডিইউডিএসকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।" এদিকে ছাত্রলীগ নেতা সৈয়দ আশিক মারধোরের ঘটনা সম্পর্কে অবহিত নন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৫ ঘ.