জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার মারামারি করেছে ছাত্রলীগের দু'পক্ষ। এতে অন্তত পাঁচজন আহত হয়।
এক ছাত্রীকে উক্ত্যক্ত করার জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বৃহস্পতিবার সকাল ৯টায় শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। শিক্ষার্থীদের নাচে-গানে, লাঠি খেলা আর রঙ উৎসবে মেতে ওঠে পুরো ক্যাম্পাস।
২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় শতবর্ষী এ শিক্ষা প্রতিষ্ঠান। সেই হিসেবে এ তারিখটিকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।
শুরুতে চারটি অনুষদে ২৩টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে পাঁচটি অনুষদে ২৮টি বিভাগ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ হাজার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে ক্যাম্পাসে দু'টি পক্ষ সক্রিয় আছে বলে জানায় সংগঠনের কর্মীরা।
ছাত্রলীগকর্মী সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক ছাত্রীকে গত কয়েক দিন ধরে উত্ত্যক্ত করে আসছে যুগ্ম-আহ্বায়ক শ্রাবণ পক্ষের কর্মী রুদ্র।"
আহ্বায়ক সাইফুলের পক্ষের কর্মী সাথী ওই ছাত্রীর পক্ষ নিয়ে বিকেলে ভিক্টোরিয়া পার্কের সামনে রুদ্রের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এ সময় দু'জনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় বলে জানান সোহেল।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শ্রাবণের পক্ষের কর্মীরা বিজ্ঞান অনুষদের মাঠে জড়ো হয়। কিছুক্ষণ পরে সাইফুলের পক্ষের কর্মীরাও নতুন ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় দু'পক্ষই পাল্টাপাল্টি মহড়া দেয়।
মহড়ার এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষের দিকে তেড়ে যায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে শুরু হয়ে যায় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় সাথী, জসিম, রুদ্র, শাওন, সালাম আহত হয়।
সরেজমিনে দেখা যায়, এ সময় ক্যাম্পাসে ছড়িতে ছিটিয়ে আনন্দ করতে থাকা সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে বিভিন্ন ভবনে গিয়ে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাস জুড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ দু'পক্ষের কর্মীদের ক্যাম্পাসে থেকে বের করে দেয়।
এ বিষয়ে আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
এ ব্যাপারে কথা বলার জন্য যুগ্ম-আহ্বায়ক শ্রাবণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এখন বিশ্ববিদ্যালয় হলেও 'জগন্নাথ স্কুল' হিসেবে এর যাত্রা শুরু ১৮৬৮ সালে। ১৮৮৪ সালে হয় 'ঢাকা জগন্নাথ কলেজ'।
১৯২১ সালে এর নাম হয় জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ। ১৯৬৮ সালে জগন্নাথ কলেজ সরকারি কলেজে রূপান্তরিত করা হয়। ১৯৭৫ সালে শুরু হয় এর স্নাতকোত্তর শ্রেণীর পাঠ্যক্রম। ১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষ থেকে সরকারি জগন্নাথ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২২১৯ ঘ.
bdnews24