চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকির মধ্যে দেড় মাস পর প্রতিষ্ঠান খোলার দিনেই বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে এক প্রশাসনিক বৈঠকে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন।
আগের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আহ্বায়ক করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তকে। সদস্য সচিব থাকছেন চবি'র হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) আবদুল মোনায়েম। কমিটিতে অন্য পাঁচটি অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরকে সদস্য করা হয়েছে।
বৈঠকের সভাপতি অধ্যাপক আলাউদ্দিন জানান, কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ২৮ মে শিক্ষার্থীদের বেতন এবং বিভিন্ন প্রকার ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে 'বর্ধিত বেতন-ফি বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারে ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে শুরু করে।
এর এক পর্যায়ে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। তাতে ব্যাপক ভাংচুর হয়। সেদিনই জরুরি সিন্ডিকেট সভায় ১৬ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
এরপর ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় ক্যাম্পাস আর খোলেনি। দেড়মাস পর শনিবার বিশ্ববিদ্যালয় খুললে এদিন সকালেও ছাত্রছাত্রীরা বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে।
তবে এরপর কর্তৃপক্ষের সিদ্ধান্তে অবশ্য সন্তোষ প্রকাশ করেছে 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ'।
তবে এর আহবায়ক তবারেক হোসেন একইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারপরও আন্দোলনকারীদের বিরুদ্ধে দেওয়া মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ আরও পাঁচদফা দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
সিদ্ধান্ত স্থগিতের আগে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বর্ধিত বেতন ও ফি ফেরত দেওয়ার দাবিও জানান তবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24