২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সভাপতিসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্বাবিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সভাপতিসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্বাবিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তসলিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল কান্তি মজুমদার ও ছাত্র ফেডারেশনের সভাপতি দীপঙ্কর ঘোষকে প্রধান আসামি করা হয়েছে। শিক্ষকদের কর্তব্য কাজে বাধা দান ও সায়েন্স ফ্যাকাল্টিতে ভাঙচুরের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শাহ আলম বাদি হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার তদন্ত চলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।" তিনি জানান, মামলার এজাহারে ১১ জন ছাড়া অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন- আইন বিভাগের (২০০৭-০৮) শিক্ষার্থী ওবা থোয়াই মারমা, ইতিহাস (২০০৮-০৯) বর্ষের তবারক হোসেন, চারুকলার (২০০৪-০৫) আসাদ মনি হোসাইনি, অর্থনীতির (২০০৬-০৭) শাহরিন ফেরদৌসি, ব্যবস্থাপনার (২০০৭-০৮) আফরিন ফেরদৌসি, গণিত বিভাগের (২০০৩-০৪) নুসরাত জাহান, দর্শনের (২০০৭-০৮) শফিকুল ইসলাম, ইতিহাসের (২০০৮-০৯) সুজন আহমেদ। আসামিদের বেশিরভাগই ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও প্রগতির পরিব্রাজক দল (প্রপদ) এর সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কেএমএস/১৯৫৭ ঘ.