২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিকে ধূমপানমুক্ত এলাকা করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শনিবার সকালে সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আরেফিন সিদ্দিক বলেন, "ধুমপান শিক্ষক-শিক্ষার্থীর জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদেরকে এ থেকে বিরত রাখতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন ও গৌরব অনেক। তাই এ বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখায় ক্যাম্পাসকে ধমূপান মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।" অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান সেইভ দ্য রুরাল ডেভেলপমেন্ট (সারডা)। ধুমপান মুক্ত ও তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় এ অনুষ্ঠানে উপাচার্য ১৮ জন ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করেন। এদের মধ্যে আছেন- যুগ্ম সচিব জিল্লার রহমান, উপসচিব নাসির হোসেন, অমিতাভ সরকার, সাংবাদিক আবদুল হাই সিদ্দিকী, মাহবুবা বিলকিস, মুহাম্মদ কামারুজ্জামান। সিনেট ভবনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী, গৃহায়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিল্লার রহমান ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৫৯ ঘ.