২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাঙ্গনে হানাহানি ব্যথিত করে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, শিক্ষাঙ্গনে হানাহানির খবর আমাদেরকে ব্যথিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, শিক্ষাঙ্গনে হানাহানির খবর আমাদেরকে ব্যথিত করে। তিনি বলেন, সিট দখল, চাঁদাবাজি, সংঘর্ষ ইত্যাদি শিক্ষাঙ্গনের নিত্য দিনের খবরে পরিণত হয়েছে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার দুপুরে ইডেন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। তিনি অতীতের ভুল ভ্রান্তি সংশোধন করে দেশের শিক্ষাঙ্গনগুলোতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার আহবান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যত আপনজনই হোক, যে সংগঠনেরই হোক তাদেরকে ছাড় দেয়া হবে না। বর্তমান সরকার আর কোন বদনাম কামাতে চায় না বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মা বাবার স্বপ্ন পূরণে নিজেদেরকে প্রস্তুত করাই শিক্ষার্থীদের মূল কাজ। ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, কণ্ঠশিল্পী মমতাজ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ.এস.এম. রকিবুল ইসলাম। অনুষ্ঠানে ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৬০৪ ঘ.