২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের শতাধিক নেতার পদত্যাগ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা পদত্যাগ করেছেন। রোববার রাতে তারা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। (আরো তথ্যসহ-৬)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা পদত্যাগ করেছেন। রোববার রাতে তারা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে এ ঘটনার পর শেখ হাসিনাকে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা রাতেই তার সরকারি বাসভবন যমুনায় গেলে শেখ হাসিনা সোমবার সন্ধ্যা সাতটায় যমুনায় তাদের সঙ্গে দেখা করার সময় দেন। ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন এ কথা জানিয়েছেন। রাত ১২টার দিকে যমুনার সামনে থেকে ফিরে যাওয়ার সময় রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ রাত হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী দেখা করেননি। আগামীকাল সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসবেন।" রাত ১১টার দিকে তারা যমুনায় যান এবং সেখানে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করেন। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, "যে ছাত্রলীগের সাংগঠনিক নেতৃত্বে আওয়ামী লীগ সভানেত্রী থাকবেন না সে ছাত্রলীগ আমরা করতে পারি না। এ জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং নেত্রীকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।" এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের এক বৈঠকে এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়। শিক্ষাঙ্গনে সহিংসতার জন্য বিভিন্ন মহল ও দলের উপর্যুপরি সমালোচনা ও চাপের মুখে রয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সিদ্দিকী নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ১০টায় জানান, একশ'র বেশি নেতা পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। একটি পদত্যাগপত্রেই স্বাক্ষর করে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ২০১। শুক্রবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উপদলীয় সংঘাত ও চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার কথিত অভিযোগে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন মহল ও দলের অভ্যন্তরে সমালোচনার মুখে শেখ হাসিনা ওই পদক্ষেপ নেন। রোববার রাতে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় পরিস্থিতি নিয়ে আলোচনার আগেই ছাত্র নেতারা এ পদত্যাগপত্র জমা দেন। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেশ কিছু নেতা রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ভবনে বৈঠক করেন। সভার পর তারা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক রোটনকে জানান, তারা যদি শেখ হাসিনাকে ছাত্র সংগঠনটির 'সাংগঠনিক নেত্রী' থাকার জন্য অনুরোধ না করেন তবে সবাই একযোগে পদত্যাগ করবেন। এরপর বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে ছাত্রলীগ। বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে অনেকে বক্তব্য দেন। এসময় তুমুল হট্টগোল হয়। শিক্ষাঙ্গনে সহিংসতায় ছাত্রলীগের ভূমিকা নবম জাতীয় সংসদ নির্বাচনের পর গত জানুয়ারির শুরুতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর থেকেই ছাত্রলীগের কর্মীরা দৃশ্যত বপরোয়া হয়ে উঠে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, শেরেবাংলা কৃষি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। অভিযোগ রয়েছে আদর্শগত মতপার্থক্য নয়, বরং টেণ্ডার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ লাভই এর মূল কারণ। ঢাকা মেডিকেল কলেজে ৩০ মার্চ রাতে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ একজন নিহতও হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের বিবদমান দু'টি দল। মূলত ১০ কোটি টাকা ব্যয়ে নতুন হল নির্মাণের দরপত্রকে নিয়ে দু'দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় ১৭ ফেব্র"য়ারি ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত করা হয়। সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ভর্তি বাণিজ্যেও ছাত্রলীগ জড়িয়ে যায় বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেএফ/এসএম/এসকে/এসআইটি/এএনএস/এইচএ/০০৪৮ঘ.