রাজশাহী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর ছয়টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী সাতদিনের মধ্যে পর্যায়ক্রমে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আগামী ২/৩ মাস ছাত্র সংগঠনগুলোর সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এক যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও যেসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার হবে সেগুলো হল- রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউট।
গত ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ এবং বিরোধী জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ওই সংঘর্ষে রাজশাহী শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হন। আহত হন পুলিশ, ব্যবসায়ীসহ উভয় ছাত্র সংগঠনের শতাধিক নেতাকর্মী।
ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আগামী ২/৩ মাস ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। এর অংশ হিসাবে বুধবার মহাজোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করবে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বিকেল ৫টায় থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত যৌথ সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের জানান, আগামী সাতদিনের মধ্যে পর্যায়ক্রমে মহানগরীর ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মেয়র বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হাজার হাজার শিক্ষার্থীর মূল্যবান শিক্ষা জীবন বিনষ্ট হচ্ছে। কেন রাবিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তা উত্তরণে করণী বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।"
রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. ফজলুল বারী, রাজশাহী পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুব মহসিন, জেলা প্রশাসক শেফাউল করিম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ বি এম আব্দুল হান্নান, রাজশাহী কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আব্দুল মজিদ, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানা, রাবি প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রাজশাহী মেডিকেল কলেজে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর শিবির নেতাকর্মীদের হামলার কঠোর সমালোচনা করেন মেয়র।
এছাড়া রাবি, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল বন্ধ থাকায় প্রায় ৬০ হাজার শিক্ষর্থীর শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24