২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের পক্ষে-বিপক্ষে ঢাবিতে মিছিল

সরকারি নিয়োগের ক্ষেত্রে বিসিএস-এ সব ধরনের কোটা বাতিলের দাবিতে ডাকা ছাত্র ধর্মঘট মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আংশিক পালিত হয়েছে। ধর্মঘটের পক্ষে ও বিপক্ষে মিছিল হয়েছে ক্যাম্পাসে। বিসিএসে কোটা বাতিলের দাবিতে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারে এক দল শিক্ষার্থী মঙ্গলবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ধর্মঘট আহ্বান করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নিয়োগের ক্ষেত্রে বিসিএস-এ সব ধরনের কোটা বাতিলের দাবিতে ডাকা ছাত্র ধর্মঘট মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আংশিক পালিত হয়েছে। ধর্মঘটের পক্ষে ও বিপক্ষে মিছিল হয়েছে ক্যাম্পাসে। বিসিএসে কোটা বাতিলের দাবিতে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারে এক দল শিক্ষার্থী মঙ্গলবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ধর্মঘট আহ্বান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জানান, সকালে কয়েকটি বিভাগে ক্লাস হলেও দুপুর থেকে বেশিরভাগ বিভাগেই ক্লাস হয়নি। কোটাবিরোধী আন্দোলনকারীরা ধর্মঘটের সমর্থনে সকালের দিকে ক্যাম্পাসে মিছিল বের করে। তারা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয়। সকালে ১০টায় লেকচার থিয়েটার ভবনে ক্লাস করতে যান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একছাত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ক্লাস করতে গেলে কিছুসংখ্যক আন্দোলনকারী এসে তাদের বের করে দেয়। এ সময় কলাভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে দুপুরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষা কার্যক্রম ছিল স্বাভাবিক। ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম বলেন, "আমরাও চাই কোটার সংস্কার হোক, কিন্তু এ জন্য শিক্ষাঙ্গনে ধর্মঘট কেন হবে? আমরা এমনিতেই সেশনজটে আছি। তাই অহেতুক ধর্মঘট সমর্থন করি না।" ধর্মঘটীরা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে তালা দিতে গেলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা বাধা দেয়। পরে তালা না দিয়েই পিছু হটে আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে ধর্মঘটের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল বের হয়। এ মিছিলটিও হয় 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারে। এ মিছিল থেকে ধর্মঘটের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি কোটা পদ্ধতির সংস্কার দাবি করা হয়। দুপুর দেড়টার দিকে ধর্মঘটের বিরোধিতাকারী শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারা উপাচার্যের কাছে অভিযোগ করেন, কলাভবনে তালা ঝুলানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা খুলে দেওয়ার ব্যবস্থা করেনি। সোমবার ক্যাম্পাসে একটি সমাবেশ থেকে মঙ্গলবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিন দিনের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তবে পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত রাখে আন্দোলনকারীরা। গত প্রায় এক মাস ধরে কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সক্রিয় দেখা গেলেও সোমবারের সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণও ছিল লক্ষণীয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কোটাবিরোধী এ আন্দোলনকে ছাত্রশিবিরের সংগঠন গোছানোর কৌশল বলেই মনে করছে। সূর্যসেন হলের ছাত্র নাজমুল আলম নবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আন্দোলনকে কেন্দ্র করে শিবির ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের শুরু থেকেই সুর্যসেন হলের চিহ্নিত শিবিরের কর্মীরা তৎপর ছিল।" বর্তমানে বিসিএস নিয়োগের ক্ষেত্রে আদিবাসী, নারী, মুক্তিযোদ্ধা ও জেলা কোটা মিলিয়ে ৫৫ শতাংশ আসন সংরক্ষিত থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এমআই/১৬২০ ঘ.