জবি, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছে ছাত্রশিবির।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় দায়ের করা এ মামলায় মোট নয় জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থ মফিজুর রহমান বাদি হয়ে মামলাটি করেছেন। এতে নয় জনকে আসামি করা হয়েছে।"
মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক, কর্মী আরিফুর রহমান, সুমন, সঞ্চয়, রবিন, সিব্বির, সাখাওয়াত, সঞ্জিব ও সুমন।
মামলার এজাহারে বলা হয়েছে, "সোমবার ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে আসামিরা বিনা উস্কানিতে ছাত্র শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। এতে বাদিসহ বেশ কয়েকজন শিবির কর্মী আহত হয়।"
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সংঘর্ষে উভয় পক্ষে ১৩ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24