ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লাল-সাদা কাপড় মাথায় বেঁধে, কালোব্যাজ পরে বৃহস্পতিবার মানববন্ধন পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
আগামী শনিবারের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন মানববন্ধনের আয়োজক শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে উপাচার্য এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন," এটা শিক্ষার্থীদের একটি কর্মসূচি। এ বিষয়ে আমি কোন কথা বলবো না। তবে শিক্ষক-ছাত্ররা মুক্তি পাক এ দাবি সবার। পরীক্ষা, ক্লাস বর্জন করে আন্দোলন করা ঠিক হবেনা। আশা করছি অচিরেই সরকার এ ব্যাপারটা সমাধান করবে।"
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাজমেরী এস এ ইসলাম বলেন, "শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচিতে আমি হতাশ হয়েছি। তারা অন্যভাবেও প্রতিবাদ জানাতে পারতো। আমরা সবাই চাই আটককৃত শিক্ষক-ছাত্ররা মুক্তি পাক।"
আটককৃত শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আইনি প্রক্রিয়ার মধ্যেও মামলা প্রত্যাহার করা যায়। নির্বাহী ক্ষমতা বলে সরকার যেকোন সময়ে মামলা প্রত্যাহার করে নিতে পারে। এতে কেন বিলম্ব হচ্ছে বুঝতে পারছিনা।" বিচারের নামে যেন প্রহসন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ওদিকে অনেক সাধারণ শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্তকে সমর্থন না করে শিক্ষক-ছাত্রদের মুক্তি দাবি করেছেন।
দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্রী আদ্রিতা সুলতানা বলেন, "শিক্ষক-ছাত্ররা মুক্তি পাক এটা সবার দাবি। কিন্তু পরীক্ষা-ক্লাস বর্জন করে এ আন্দোলন করলে আমরাই পিছিয়ে পড়বো।"
রসায়ন বিভাগের ছাত্রী আম্বিয়া সুলতানা বলেন, "আমার অনার্স শেষ বর্ষের পরীক্ষা শেষ। প্রজেক্ট পেপার জমা দিতে হবে ২১ জানুয়ারি। এখন আমাদের ব্যবহারিক ক্লাস হচ্ছে। কিন্তু আজ (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম।"
তিনি বলেন, ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত আমি সমর্থন করিনা।
ওই বিভাগের সিনিয়র টেকনিক্যাল ইনস্ট্র্যাক্টর লুৎফর রহমান বলেন, আন্দোলনের কারণে ল্যাবে শিক্ষার্থীর উপস্থিতি কম হয়েছে।
'নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ' এবং 'ছাত্রবন্ধু' নামে একটি নতুন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানব বন্ধন অপরাজেয় বাংলা থেকে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর পর্যন্ত দীর্ঘ হয়। তবে এতে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় এমন সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যাই ছিল বেশি।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই এ দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করে। সেসময় তারা বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সতর্ক করে দেন।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে এসে জমায়েত হতে শুরু করে। এ সময় তারা নানা দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। সেগুলোতে বন্দিদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবির কথা লেখা ছিল ।
বৃহস্পতিবারের এ কর্মসূচিকে আন্দোলনকারীরা সরকারের প্রতি 'রেড অ্যালার্ট' বলে ঘোষণা দেয়। বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত সোয়া এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে দুই শ'র বেশি শিক্ষার্থী অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/আরএ/এমএ/১৫১৮ঘ.
bdnews24