ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত তিন মাস সময় পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা বিদ্যমান সেশনজটের ওপর আরো নতুন জটে পড়ছে।
বরাবরের মতোই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ও এক্সটার্নাল পরীক্ষকদের খাতা জমা দিতে দেরি হওয়া ফল প্রকাশে বিলম্ব হওয়ার অন্যতম প্রধান কারণ ।
লোক প্রশাসন, ইংরেজী, বাংলা ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রকাশিত হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস।
লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ২০০৬ এর ১৪ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ২ ফেব্র"য়ারি ২০০৭ এ। এরপর প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন ও ফল প্রকাশিত হচ্ছে না।
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এক্সটার্নাল পরীক্ষক খাতা জমা দিতে দেরি করায় ফল প্রকাশে দেরি হচ্ছে। তবে টেবুলেশনের কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে তিনি জানান।
ইংরেজি বিভাগের পরীক্ষা শেষ হয় ২০০৭ সালের ১ ফেব্র"য়ারি। প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও ফল প্রকাশিত হচ্ছে না। পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. কায়সার মো. হামিদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেরির কারণ সম্পর্কে বলেন, "এখনও কয়েকটি খাতা এক্সটার্নাল পরীক্ষক জমা দেননি। তবে, যেগুলো পাওয়া গিয়েছে সেগুলোর টেবুলেশনের কাজ চলছে। এক্সটার্নাল পরীক্ষকরা খাতা জমা দিলেই দ্রুত ফল প্রকাশ করা হবে।"
ইতিহাস বিভাগের একই বর্ষের পরীক্ষা শেষ হয় ১ ফেব্রুয়ারি '০৭। এ ক্ষেত্রেও পেরিয়ে গেছে পাঁচ মাস। ফল এখনো প্রকাশিত হয়নি। পরীক্ষা কমিটির সভাপতি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়া ।
সুত্র জানায়, তিনি পরীক্ষা কমিটির সভাপতি ছাড়াও একজন পরীক্ষক। তিনি এখনও খাতা জমা দেননি। এ পর্যন্ত মোট সাতবার তাকে এ ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অধ্যাপক শরীফউল্লাহ ভুঁইয়া বিডিনিউজকে বলেন, তিনি অনেক আগেই উপাচার্যের কাছ থেকে অনুমতি নিয়ে অন্য একজন পরীক্ষককে দিয়ে খাতা দেখিয়েছেন। টেবুলেশনের কাজ চলছে কিনা এ ব্যাপারে তিনি কোন কথা বলতে রাজি হননি। তবে খুব শীঘ্রই ফল প্রকাশিত হবে বলে অধ্যাপক ভুঁইয়া জানান ।
একই অবস্থা বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও। এ পরীক্ষা শেষ হয় ১৫ ফেব্রুয়ারি ২০০৭ সালে। পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবু জাফরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একই পরীক্ষা কমিটির অধীনে প্রথম বর্ষ থেকে পরীক্ষার ফল প্রকাশে দেরি হয়ে আসছে। এই কমিটি প্রথম বর্ষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এগার মাস পর পরীক্ষার ফল ঘোষণা করেছিল।
ফল দেরিতে প্রকাশের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতবছরই পরীক্ষা কমিটির একজন সদস্য অধ্যাপক এসএম লুৎফর রহমান পদত্যাগ করেন।
পরীক্ষা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দ্বিতীয় এক্সামিনার। তিনি খাতা জমা দিতে দেরি করায় ফল প্রকাশে দেরি হচ্ছে।
ফল পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন শীঘ্রই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্তব্য করেন, "বাইরের পরীক্ষকরা খাতা জমা দেয়ার সময়সীমা নিয়ে তেমন গরজ বোধ করেন না। এছাড়া শিক্ষকরা জরিমানা নিয়েও অতটা ভাবেন না। এগুলো অনৈতিক।"
২০০৬ সালে বিভিন্ন রাজনৈতিক ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৫ দিন বন্ধ ছিল। ছাত্র ধর্মঘটের কারণে ২০ নভেম্বর '০৬ থেকে ১১ জানুয়ারি '০৭ পর্যন্ত একটানা প্রায় ৫৩ দিন বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয় । ফলে বিভিন্ন অনুষদের বেশিরভাগ পরীক্ষা প্রায় পাঁচ / ছয় মাস নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ফলে শিক্ষার্থীরা এমনিতেই রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রায় ছয় মাসের সেশন জটে পড়ে গিয়েছে। তারপর ফল প্রকাশে আরো দেরি হলে শিক্ষার্থীদের পরবর্তী বর্ষের পরীক্ষাও নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় না। এতে মানোন্নয়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় থাকে না।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনও আগের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল দেয়া হয়নি। কিন্তু, যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাদের পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে। ফলে কোন পরীক্ষায় মানোন্নয়ন থাকলেও পরীক্ষা দিতে পারবো কিনা তা বুঝতে পারছি না।"
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, পরীক্ষকরা নির্দিষ্ট সময়ের বাইরে খাতা জমা দিলে জরিমানা হয়। তবে, কতজন শিক্ষককে এ ধরণের জরিমানা করা হয়েছে এ সংক্রান্ত তথ্য দিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর অস্বীকৃতি জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/০০১৬ ঘ.
bdnews24