রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ ও ২৮ জুলাই অনুষ্ঠিত হবে ফোকলোর সম্মেলন। বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ ও মযহারুল ইসলাম ফোকলোর ইনস্টিটিউটের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন বলে ফোকলোর আয়োজকরা জানিয়েছে।
২৮ জুলাই সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে হবে মূল অনুষ্ঠান। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমদ, রাবি সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত।
সম্মেলনে ফোকলোর সম্পর্কে পরিচিতি, ফোকলোর বিষয়ক প্রবন্ধ পাঠ, ফোকলোর পঠন-পাঠনের লক্ষ্য-উদ্দেশ্য, ফোকলোর চর্চার বর্তমান অবস্থা-সম্ভাবনা-সমস্যা প্রভৃতি বিষয় সম্পর্কে অঅলোচিত হবে।
ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইফুদ্দিন চৌধুরী ও মযহারুল ইসলাম ফোকলোর ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শামসুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২২ ঘ.
bdnews24