দুর্নীতি বন্ধে শিক্ষাভবনে থাকবে পর্যবেক্ষক দল
শিক্ষাভবনে দুর্নীতি বন্ধের পর্যবেক্ষক দল গঠন করছে সরকার। এ জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বুধবার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, আগে একাধিকবার শিক্ষাভবনের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ গ্রহণ সম্পর্কে সতর্ক করা হলেও বার বার তারা এই অভিযোগ অস্বীকার করেছে। এজন্য সেখানকার দুর্নীতি ঠেকাতে পর্যবেক্ষক দল গঠন করতে হবে।
এতে বলা হয়েছে, ২৯ মার্চ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। সেখানে সবাইকে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বার বার এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বেশ কয়েকজনকে বদলিও করা হয়েছে। এবার আমরা কঠোর পদক্ষেপ নেব।
প্রসঙ্গত মঙ্গলবার শিক্ষা ভবনে লেনদেনের ঘটনায় রাজশাহী কোর্ট একাডেমির ইংরেজির শিক্ষক নীতিশ কুমার প্রামাণিক, অধিদপ্তরের বেসরকারি স্কুল শাখার প্রধান সহকারী আবুল কালাম আজাম ও উচ্চমান সহকারী আমিরুল ইসলামকে আটক করে র্যাব।
শিক্ষা ভবনের কর্মকর্তারার জানান, দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেও শিক্ষা ভবনে অনৈতিক লেনদেন চলছেই। শিক্ষকদের বদলি, এমপিওভুক্তকরাসহ কোনো কাজই টাকা ও তদবির ছাড়া হয় না।
