২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষমুহূর্তেও সরব ঢাবির ‘সমাবর্তন বক্তা’ বিতর্ক

বিতর্ক এবং অস্থিরতার মধ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তন হতে যাচ্ছে। ৭ হাজার ৭শত ৫৫ শিক্ষার্থী এবারের সমাবর্তনে অংশ নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগের দিন পর্যন্তও সুরাহা হয়নি ‘সমাবর্তন বক্তা’ বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ, কয়েকজন সিন্ডিকেট সদস্যসহ বেশ কয়েকটি ছাত্রসংগঠন ব্যাপক এই আয়োজন বর্জনের ঘোষণা দিয়েছে। এছাড়া সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতিতেও ছিল বিশৃঙ্খলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, সমাবর্তনে অংশ নিতে ৩৭০৫জন ছাত্র এবং ৪০৫০ ছাত্রী নাম নিবন্ধন করেছেন। সমাবর্তনের সব প্রস্তুতি প্রস্তুতি শেষ হয়েছে দাবি করে তিনি বলেন, প্রায় দশ হাজার লোকের জন্য আয়োজন করা হয়েছে।

তবে ‘সমাবর্তন বক্তা’ নিয়ে বিতর্কের সমাধান কী করে হবে তার কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি উপাচার্য। তিনি বলেন, “এবার সমাবর্তন বক্তা বলে নির্দিষ্ট কিছু থাকছে না। সমাবর্তন উপলক্ষে যত বক্তৃতা দেওয়া হবে তার যে কোনো একটিকে সমাবর্তন বক্তব্য ধরে নিলেই হবে।”  

সমাবর্তন অনুষ্ঠানে নোবেল বিজয়ী ড. ইউনূসের ভূমিকা কী হবে সেটিও পরিষ্কার হয়নি উপাচার্যের কথায়। তিনি বলেন, তার বিষয়টি একটি গ্রহণযোগ্য সম্মানসূচক উপায়ে সমাধান করা হবে।

শিক্ষকদের একটি অংশের সমাবর্তন বর্জন করার বিষয়ে সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, আট হাজার শিক্ষার্থীর ডিগ্রি গ্রহণ করাটাই এখানে গুরুত্বপূর্ণ। তারা পড়ালেখা শেষ করে এ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।  

এদিকে, বিকেলে শিক্ষক ক্লাবে প্রগতিশীল শিক্ষকদের এক সংবাদ সম্মেলনে সমাবর্তন অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেওয়া হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকার সময় অনেক দুঃখজনক ঘটনা ঘটেছিল। তিনি সমাবর্তনে সভাপতিত্ব করলে তা হবে অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, ড. ইউনূস ডক্টরেট ডিগ্রি নিতে পারেন। কিন্তু  রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি বিতর্কিত হয়েছেন। এ জন্য সমাবর্তন বক্তা হিসাবে তাকে মেনে নেওয়া যায় না। সমাবর্তনের সব কিছু নিয়েই অস্বচ্ছতা আছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পুরো সমাবর্তনকে ঘিরে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে। তিনি  সমাবর্তন তিনদিন পেছাতে, ড. ইউনূসকে শুধু ডিগ্রি প্রদান এবং রাষ্ট্রপতির বদলে উপাচার্যকে সভাপতিত্ব করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশীদ, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনোয়ার হোসেনসহ তিনজন সিন্ডিকেট সদস্য, আঠারজন সিনেট সদস্য এবং নীল ও গোলাপীসহ  প্রগতিশীল শিক্ষকরা এ সমাবর্তনে অংশ নেবেন না।

নিয়ম অনুযায়ী ডিনরা সমাবর্তন অনুষ্ঠানে নিজ নিজ অনুষদের স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের পরিচিতি পাঠ করেন।

উপাচার্য অবশ্য এ ব্যাপারে বলেছেন, কোনো কারণে নির্দিষ্ট ডিন উপস্থিত না থাকলে সেই অনুষদের শিক্ষার্থীদের পরিচিতি অন্য অনুষদের ডিন পাঠ করতে পারবেন।

এদিকে, সমাবর্তনে ড. ইউনূসকে বর্জনের দাবিতে দুপুর একটায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন একদল ছাত্র--ছাত্রী। তারা বুধবার কালো দিবস পালনের আহ্বান জানান।

অন্যদিকে ছাত্রলীগ (রি--বো), ছাত্রলীগ (স্ব--ত), ছাত্রমৈত্রী, জাতীয় ছাত্রধারাসহ কয়েকটি ছাত্র সংগঠন নিয়ে গঠিত ছাত্রসংগ্রাম পরিষদ সন্ধ্যায় এক বৈঠকের পর সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে।

এসব বিতর্ক এবং অস্থিরতার মাঝেই মঙ্গলবার সমাবর্তনের রিহার্সেল অনুষ্ঠিত হয়।

এবারের সমাবর্তনে শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৬৫ জনের মধ্যে ৮৮ টি স্বর্ণপদক প্রদান করা হবে। কলা অনুষদের ২৬ জনকে ৩৬টি পদক, বিজ্ঞান অনুষদের নয় জনের মধ্যে ১১টি পদক, আইন অনুষদের তিন জনের মধ্যে ছয়টি পদক, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৩ জনের মধ্যে ১৬টি পদক, জীববিজ্ঞান অনুষদের পাঁচজনের মধ্যে পাঁচটি পদক, চিকিৎসা অনুষদের চার জনের মধ্যে আটটি পদক, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের একজনের মধ্যে একটি পদক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুজনের মধ্যে তিনটি পদক এবং চারুকলা ইনস্টিটিউটের দুজনের মধ্যে দুটি পদক প্রদান করা হবে।

এদের মধ্যে গবেষণায় অনন্য অবদানের জন্য সাতজন শিক্ষক স্বর্ণপদক পাচ্ছেন। তারা হলেন, সংস্কৃত ও পালি বিভাগের অধ্যাপক সুকোমল বড়–য়া, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফি চৌধুরী, অধ্যাপক কাজী মনোয়ার আবেদীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবার রহমান খান এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক জিয়াউল হক মামুন। এছাড়া শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে স্বর্ণপদক পাচ্ছেন মোট চারজন।