ইবিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ১৪ জন ভূয়া পরীক্ষার্থী আটক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোববার ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানা গেছে, রোববার সকালে অনুষ্ঠিত হওয়া ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ছয়জনকে কর্তব্যরত শিক্ষকরা আটক করেন।
এরা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুগোল বিভাগের ছাত্র আতোয়ার হোসেন (রোল নং-- ০৭০৩৬০৫১), কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আনোয়ার সাদাত, মো. রেজাউল করিম ও শাহজালাল মণ্ডল।
এ ছাড়া দুপুর ২ টায় ও বিকাল ৪ টায় অনুষ্ঠিত হওয়া ‘গ’ ইউনিটের পরীক্ষার সময় নিরাপত্তা উপ--কমিটির সদস্যবৃন্দ ও কর্তব্যরত শিক্ষকরা প্রক্সি দিতে আসা অপর আটজনকে আটক করেন।
এ আটজন হলো আতাউর রহমান অভি, গাজী মাসুদ রানা, রইচ উদ্দিন, সোহানুর রহমান, (একাউন্টিং ইসলাম বিশ্ববিদ্যালয়), মোস্তফা আজিজ, আনোয়ার হুসাইন, মঞ্জুরুল ইসলাম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাবি), সখিনা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসক বিভাগের শাহ ইলিয়াস রাশিদুর রহমান নামে।
এ ব্যাপারে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তা উপ-- কমিটি আহবায়ক অধ্যাপক ড. রুহুল আমিন জানান, উক্ত ১৪ জনের বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রক্টর আইনুল হক আকন্দ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও থানায় সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের জবানবন্দী থেকে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের সন্ধান পাওয়া গেছে। এরা নেপথ্যে থেকে বিপুল পরিমাণ টাকার মাধ্যমে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার ব্যবস্থা করে আসছে দীর্ঘদিন থেকে।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা ‘চ’ ইউনিট প্রথম শিফট (রোল নং ১--৫৭৩৫) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা ‘চ’ ইউনিট ২য় শিফট (রোল নং ৫৭৩৬-- অবশিষ্ট) দুপুর দুইটা থেকে তিনটা ‘ঘ’ ইউনিট এবং বিকাল ৪টা থেকে ৫টা ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
