ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইদের নতুন কমিটির অভিষেক
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) নির্বাহী পরিষদের নতুন কমিটির অভিষেক হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির এই অভিষেক হয়, যাতে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তব্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকদেরকে কর্মক্ষেত্রে সত্য সংবাদ খুঁজে বের করে প্রকাশের আহ্বান জানান।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “সত্যের সন্ধান করুন। সত্য সংবাদ যতো কঠিন হোক, খুঁজে বের করতে হবে।
বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা পেশার উৎকর্ষতা সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে মন্তব্য করে তিনি।
সাংবাদিকতার সাবেক শিক্ষার্থীরা বৃত্তিসহ নানা বিষয়ে বর্তমান ছাত্রছাত্রীদের সহায়তা করতে পারে জানিয়ে ডিইউএমসিজেএএ ভবিষ্যতে একটি আদর্শ সংগঠন হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলসহ সবার কাছে পরিচিতি ও প্রতিষ্ঠা লাভ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডিইউএমসিজেএএ’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আরেফিন।
ভবিষ্যতে ডিইউএমসিজেএএ-একটি আদর্শ সংগঠন হিসেবে সকলের নিকট পরিচিত ও প্রতিষ্ঠা লাভ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।
অ্যালামনাইয়ের সাবেক সভাপতি প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্নাতক শেষ করে অ্যালামনাই সদস্য হোন। সবাই মিলে একসাথে থাকলে ভালো লাগবে।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা সাখাওয়াত আলী খান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুস সালাম, সাবেক সম্পাদক স্বপন কুমার দাস, শিল্পি ফকির আলমগীর এবং অভিষেক প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমেদ পিপুল বক্তব্য রাখেন।
বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান ২০১৬-১৮ বছরের নতুন কার্যনিবাহী কমিটির সভাপতি এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।
আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর আগে নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সাতটি স্ট্যান্ডিং কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কাজী রওনাক হোসেন, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন ও ড. এম কামালউদ্দিন জসীম, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সাবরিনা সুলতানা চৌধুরী, মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি, মো. গিয়াসউদ্দিন আহমেদ, সঞ্জীব চ্যাটার্জি ও আহমেদ পিপুল, সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন জুনায়েদ আহমদ হালিম, সুজন মাহমুদ ও জেসমিন জাহান মুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদ সালাহ্উদ্দিন চৌধুরী।
এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে তারিকুল ইসলাম খান রবিন, প্রকাশনা সম্পাদক হিসেবে শেখ জীনাত শারমিন, দপ্তর সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান কাজল, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শারমিন ইফফাত শামস্ তুলি, যোগাযোগ সম্পাদক হিসেবে আনোয়ারুল আজিম রয়েছেন।
নির্বাহী সদস্য হয়েছেন- অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক শেখ আবদুস সালাম, মো. আলমগীর হোসেন, এম খায়রুল কবীর, স্বপন কুমার দাস, শাহিদা আলম, নার্গিস বেগম মিনি, একেএম রহমত আলী হাওলাদার, শাহেদ চৌধুরী, শওকত আহমেদ ফরিদি টনি, ড. অলিউর রহমান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাহমুদ মেনন খান, মো. হাসান উল্লা খান রানা, কেএম সাখাওয়াত মুন, শরিফ উদ্দিন লিমন, লোপা হোসাইন, শরিফুল ইসলাম হাসান, তৌহিদুল হাসান নিটল এবং সাহস মোস্তাফিজ।
