ঢাবিতে অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও অর্থনীতি বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব বিজনেস অ্যান্ড ইকোনমি’ শীর্ষক সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘রেইনভেটিং বিজনেস ফর দ্য টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এই সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইটজার ল্যান্ড, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কুয়েতের শতাধিক শিক্ষক ও গবেষক এই সম্মেলনে অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছে।
উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, “সারা বিশ্বে মানুষের সমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। দারিদ্র্য ও সমৃদ্ধির মধ্যে বিরাজমান দূরত্ব ঘোচাতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনীতে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বার্নাডিন ভ্যান গ্রামবার্গ, যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন অধ্যাপক জিওফ্রে টি উড এবং যুক্তরাষ্ট্রের টাফ্টস্ ইউনিভার্সিটির অধ্যাপক পার্থ এস ঘোষ বক্তব্য রাখেন।
