‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ১২ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মানর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী ১২ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।
মঙ্গলবার আরসি মজুমদার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- মনিরা বেগম, নুজায়রা তারান্নুম, মালিহা তাবাসসুম, তানজিনা তানিন, আলী আহসান, এমরান হোসেন, আশরাফুল গনি, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, জাহিদ-ই-হাসান, বাপ্পী কুমার পাল এবং শামীমা সুলতানা।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক।
তার আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করার জন্য তিনি পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন পরিবেশ ও মানবাধিকার কর্মী ফিলিপ গাইন।
ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী।
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
