ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মিছিল সমাবেশ
জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার দুপুরে দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতাকর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ডাকসুর সামনে সমাবেশ করে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা বলেন, “সরকার বিভিন্ন সময়ের জঙ্গি হামলাকে বিছিন্ন হামলা বলায় তারা এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে।”
সবাইকে জঙ্গিবিরোধী আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের রুখতে এখন ঐক্যবদ্ধ হয়ে জনগণকে রাস্তায় নেমে আসাতে হবে।
অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ স্নেহার্দী চক্রবর্তীসহ অনেকেই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়নের জঙ্গিবিরোধী কর্মসূচি
এদিকে জঙ্গিবাদ রুখতে তিন দফা দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে একই ধারার অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক, গণমুখী শিক্ষানীতির বাস্তবায়ন করা; শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকল্পে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবি জানানো হয়।
একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদী তৎপরতায় জড়িত থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছাত্র ইউনিয়ন।
লাকী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত, ঢাকা মহানগর সংসদের সভাপতি অনিক রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।
