ঢাবিতে ছাত্রলীগের দুইপক্ষের মারামারি
ঢাকা বিশ্ববিদ্যালরের অমর একুশের হল ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে চারজন আহত হয়েছে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
আহতরা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াব ও দিপু, ফলিত পরিসংখ্যানের শোয়েব ও ফার্মেসি বিভাগের রিফাত। এতে সোয়াবের মাথা ফেটেছে, শোয়েবের ডান হাতে ভেঙে গেছে।
তাৎক্ষণিকভাবে আহতদের পুরো নাম পাওয়া যায়নি। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিভাগীয় বিষয় নিয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের জিয়ানের সঙ্গে সোয়াব ও দিপুর কাটাকাটি হয়। পরে জিয়ান তার গ্রুপের নেতা লিমনকে জানালে রাত সোয়া ১১ টার দিকে লিমনের নেতৃত্বেই জিয়ানসহ কয়েকজন মিলে রফিক ভবনের ১০০ নম্বর কক্ষে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
মারামারি কথা অস্বীকার করেন সাংগঠনিক সম্পাদক লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তবে কোনো মারামারি হয়নি, কেউ আহত হয়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অমর একুশে হলে শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল, আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
