২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি চারুকলার পরীক্ষার হলে ফের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পরীক্ষার হলে আবারও তালা দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 02:22 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী মোফাজ্জল হায়দার পরীক্ষায় অংশ নিতে না পারায় তার অনুসারী ও শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘সিক্সটি নাইনের’ কর্মীরা বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটিয়েছে বলে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ।

এর আগে গত সোমবার মোফাজ্জল হায়দার তার অনুসারীদের নিয়ে পরীক্ষার দুই হলে তালা দেন।

সেদিনের স্থগিত হওয়া পাশ্চাত্য শিল্পের ইতিহাস পরীক্ষা বৃহস্পতিবার হওয়ার কথা ছিল বলে সহকারী প্রক্টর প্রণব মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “সকালে একদল যুবক ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিল্পী রশিদ চৌধুরী গ্যালারির মূল ফটক এবং ২০২ ও ৩০৬ নম্বর কক্ষে তালা দিয়ে সুপার গ্লু লাগিয়ে দেয়।”

মোফাজ্জল এই ব্যাচের পরীক্ষার্থী ছিলেন জানিয়ে এই শিক্ষক জানান, বহিষ্কৃত হওয়ায় তার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই।

সহকারী প্রক্টর জানান, নববর্ষের মঙ্গল শোভাযাত্রার সাজসজ্জার কাজ চলায় তালা কেটে গ্যালারির গেইট খোলা হলেও অন্য তালাগুলো খোলা হয়নি।

গত বছরের ২ নভেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অস্ত্র হাতে বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশের পর মোফাজ্জলকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মোফাজ্জল ক্যাম্পাসে ‘টাইগার মোফা’ নামে পরিচিত ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো নেতা পরীক্ষার হলে তালা নিয়ে কথা বলতে চাননি।

তবে কয়েকজন কর্মী বলছেন, শারীরিক অসুস্থতার কারণে মোফাজ্জল প্রথমবার দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা দিতে পারেনি। এবারও অংশ নিতে না পারলে তার ছাত্রত্ব চলে যাবে। এ কারণেই তারা হলে তালা লাগিয়েছেন।

পুরনো খবর:

পরীক্ষার হলে তালা দিলেন চবি ছাত্রলীগকর্মী