২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার হলে তালা দিলেন চবি ছাত্রলীগকর্মী

পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষার দুই হলে তালা দিয়েছেন এক ছাত্রলীগকর্মী।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 06:15 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার সকালে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোফাজ্জল হায়দারের এই কর্মকাণ্ডের কারণে বিভাগের দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হতে পারেনি বলে জানান সহকারী প্রক্টর প্রণব মিত্র।

গত ২ নভেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময়কার মোফাজ্জলের অস্ত্র হাতে ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি ক্যাম্পাসে ‘টাইগার মোফা’ নামে পরিচিত ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী।

সহকারী প্রক্টর প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার থেকে ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মোফাজ্জল এই ব্যাচের ছিল জানিয়ে তিনি বলেন, “বহিষ্কৃত হওয়ায় সে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পায়নি।

“সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগে মোফাজ্জল বহিরাগত কিছু ছেলেকে নিয়ে ২০২ ও ৩০৬ নম্বর কক্ষে তালা দেওয়ায় পরীক্ষা হতে পারেনি।”