দশক পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয় দশকে প্রবেশ করল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১৫৭ বছর আগে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে যার যাত্রা শুরু হয়েছিল।
যাট ও সত্তরের দশকে ‘জগা বাবুর পাঠশালা’ নামে খ্যাত এই বিদ্যাপীঠ ২০০৫ সালের ২০ অক্টোবর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ঊন্নীত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা তুলে এবং বেলুন ও পায়রা উড়িয়ে একাদশ বছরে পদার্পণ উদযাপনের উদ্বোধন করেন
পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় হয়ে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় অংশ নেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালায় আরও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ও কনসার্ট।
অধ্যাপক ড. মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানা বাধা-বিপত্তি পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে শিক্ষক-শিক্ষার্থীদের ‘আশা-আকাঙ্ক্ষার’ প্রতীকে পরিণত হচ্ছে।
“কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ায় বেশ কিছু সমস্যা ছিল। তবে আবাসন সংকটসহ সেসব সমস্যা আমরা কাটিয়ে উঠছি। আমাদের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা ও পড়ালেখায় মানের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে যাবে। তাহলেই আমরা গর্বিত হব।”
ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ব্রাহ্ম ধমের্র মূল মতবাদ সম্পর্কে সাধারণ ছাত্রদের জানানোর জন্য আরমানিটোলায় ব্রাহ্ম সমাজের নিজস্ব প্রাঙ্গণে ১৮৫৮ সালে চালু হয় অবৈতনিক ঢাকা ব্রাহ্ম স্কুল।
আর্থিক সঙ্কটের কারণে ১৮৭২ সালে মালিকানা পরিবর্তন করে ব্রাহ্ম স্কুলের ভার তুলে দেওয়া হয় বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর হাতে। জমিদারের বাবার নামে এর নতুন নাম হয় ‘জগন্নাথ স্কুল’।
এরপর ১৮৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হয়।
১৮৮৭ সালে ‘কিশোরীলাল জুবিলি স্কুল’ নামে স্কুল শাখাকে জগন্নাথ কলেজ থেকে আলাদা করা হয়, যা এখন কে এল জুবিলি স্কুল নামে পরিচিত।
১৯৪২ সালে মেয়েরাও জগন্নাথ কলেজে ভর্তির সুযোগ পায়। পরে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ দিতে জগন্নাথ কলেজে প্রথম নৈশকালীন পাঠদান শুরু হয়।
ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় এ শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ক্ষমতাসীনদের রোষের শিকার হন। ভাষা শহীদ রফিক এ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছয় দফা আন্দোলন, বাষট্টির শিক্ষানীতি বাতিল আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে জগন্নাথের শিক্ষক-শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
১৯৬৮ সালে জগন্নাথকে সরকারি (প্রাদেশীকীকরণ) করা হয়, ১৯৬৯ এর গণঅভুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফায় এর বিরোধিতা করলে ওই বছরই কলেজটি আগের অবস্থায় ফিরে যায়।
মুক্তিযুদ্ধের সময় এ কলেজকে ‘ক্যাম্প’ হিসেবে ব্যবহার করে পাকিস্তানি বাহিনী। স্বাধীনতার পরে কলেজের ছাত্র সংসদ ভবনের কাছে গণকবরেরও সন্ধান পাওয়া যায়।
স্বাধীনতার পর ১৯৭২ সালে জগন্নাথ কলেজকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত করা হয়।
১৯৪৭ সালের দেশভাগের পর থেকে পুরান ঢাকার বেশকিছু পরিত্যক্ত হিন্দু বাড়িকে জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা হল হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু আশির দশকের পরে সেগুলো হাতছাড়া হয়ে যায়।
২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাশের মাধ্যমে জগন্নাথ কলেজ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এ উন্নীত হয়।
অনাবাসিক হিসেবে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বেদখল হয়ে যাওয়া হল পুনরুদ্ধারের দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করে। এর ধারাবাহিকতায় দুটি হল দখলমুক্ত হলেও তা এখন পর্যন্ত তা ব্যবহার উপযোগী হয়নি।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০১২ সালে বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারাও (নিজস্ব আয় বাড়ানো) বাতিল করতে বাধ্য হয় সরকার।
