২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে পোগোজ স্কুলও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ স্কুলকে একীভূত করার সিদ্ধান্ত হলেও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্কুল কর্তৃপক্ষ।

কাজী নাফিয়া রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 10:01 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

তবে এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে পালন করতে যাচ্ছে এই দুই প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ২০ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি উপ-কমিটি করেছে, এর দুটিতে (নিরাপত্তা ও র‌্যালি উপ-কমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি) পোগোজ স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে পুরান ঢাকার অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেও এবারই প্রথমবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্য কোন প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

গত ৬ অগাস্ট স্কুল পরিচালনা কমিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে পোগোজ স্কুলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ল্যাবরেটরি স্কুল হিসেবে ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামকরণ করার নীতিগত সিদ্ধান্ত হয়।

এর বিরুদ্ধে ‘পোগোজ স্কুল রক্ষা কমিটি’র ব্যানারে স্থানীয়দের প্রতিবাদের মধ্যেই গত ১৩ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

সম্প্রতি স্কুলের পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে স্কুলের অভিভাবকরাও এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে অংশগ্রহণের বিষয়ে স্কুলের দিবা শাখার প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের রাখা হয়েছে। সিন্ডিকেটেও একীভূত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আমাদের পক্ষ থেকে বিষয়টি এখনও কনফার্ম না হলেও আশা করছি তাড়াতাড়িই হয়ে যাবে।”

স্থানীয়দের বিরোধিতার বিষয়ে তিনি বলেন, “ওদের এখন কোন তৎপরতা নেই। তারা ডিসেম্বরের শেষের দিকে আমাদের সাথে বসবে।”

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, “একীভূত হলে তাদেরই লাভ হবে। আমরা এটি সিন্ডিকেটেও পাস করেছি। তারপরও ওদের কিছুটা বিরোধিতা আছে। আশা করছি এটি দূর হয়ে যাবে।”

আর্মেনীয় জমিদার নিকোলাস পিটার পোগোজ ১৮৪৮ সালের ১২ জুন আরমানিটোলায় ‘পোগোজ অ্যাংলো-ভারনাকুলার স্কুল’ নামে স্কুলটি চালু করেছিলেন।

এর এক দশক পর ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’ ২০০৫ সালের ২০ অক্টোবর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।

পুরনো খবর:

পোগোজ স্কুলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ