পোগোজ স্কুলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ স্কুলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের কয়েকজন সাবেক শিক্ষার্থী।
প্রায় ১৬৭ বছরের পুরোনো এই বিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের অংশ হলে এর ঐতিহ্য বিপন্ন হবে বলে তাদের আশঙ্কা।
গত ৬ অগাস্ট স্কুল পরিচালনা কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠকে প্রতিষ্ঠান দুটির একীভূত হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, স্কুলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ল্যাবরেটরি স্কুলে রূপান্তরিত করা হবে; নতুন নাম হবে ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’।
শুক্রবার বিকালে পুরান ঢাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে অবস্থিত বিদ্যালয়ের মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পোগোজ স্কুল রক্ষা কমিটি ব্যানারে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন।
কমিটির আহ্বায়ক ঢাকার আদালতের আইনজীবী অ্যাডভোকেট কিশোর কুমার বলেন, “পোগোজ স্কুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করলে স্থানীয় গরীব শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা থেকে বঞ্চিত হবে। একীভূত করার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়টির জমি দখল করে নেবে।
“ইতোমধ্যে জবি কর্তৃপক্ষ স্কুলের এক একর জমির দখল নিয়েছে। এখন বাকি চার একর জমির দখল নিতে বিদ্যালয়টি একীভূত করার চক্রান্ত করছে।”
কমিটির যুগ্ম আহ্বায়ক কেরাণীগঞ্জ কলাতিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক রজত কুমার সুর বললেন, ল্যাবরেটরি স্কুলে রূপান্তরিত হলে বিদ্যালয়ের শতবর্ষের নাম ও ঐতিহ্য আর টিকবে না। এলাকার দরিদ্র অভিভাবকদের সন্তানদের পড়াশোনার সুযোগ কমে যাবে।
স্থানীয় বাসিন্দা রবি নন্দী, গোপাল নন্দী ও কৃষ্ণ সুর অভিযোগ করলেন, নিজেদের সুযোগ-সুবিধার লোভে বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক জনমত উপেক্ষা করে এধরনের উদ্যোগ নিচ্ছে।
তবে এসব আশঙ্কা উড়িয়ে দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ কোন প্রক্রিয়ায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান একীভূত হবে তার লিখিত প্রস্তাবনা এখনও আসেনি। তা হাতে পেলে এর শর্তগুলো নিয়ে পরিচালনা কমিটি ও স্থানীয় অভিভাবকদের সঙ্গে আলোচনা করব।
“আমাদের সুবিধার্থে আমরাও নিশ্চয় কিছু প্রস্তাব রাখবো। সবাই যদি বিষয়টি ভালো মনে করে তখনই আলোচনা আগাবে।”
স্কুলের শিক্ষার্থীদের অনেক অভিভাবক নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দাবি করে প্রধান শিক্ষক বলেন, “কিছু লোক কেন বিরোধিতা করছে তা আমার বোধগম্য নয়।
“যারা বিরোধিতা করছে, তাদের সঙ্গে আলোচনা করব। আমার একার কোনো বিষয় নয়। সবাই যদি একমত না হয় তাহলে আগাবো না। এখানে রেষারেষির কিছু নেই, কোনো আশঙ্কারও কারণ নেই।”
১৮৪৮ সালে আরমানিটোলায় নিজ বাসার নিচতলায় ‘পোগোজ অ্যাংলো-ভারনাকুলার স্কুল’ নামে প্রতিষ্ঠানটি চালু করেছিলেন আর্মেনীয় জমিদার নিকোলাস পিটার পোগোজ। তিনি স্কুলটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন।
ঢাকা কলেজের সাবেক এ শিক্ষার্থীর গ্রিক জমিদার বন্ধু জেসি পেনিওটির আরমানিটোলার বাসায় ১৮৫৫ সালে স্কুলটি স্থানান্তরিত হয়। ১৮৬০ সালে স্কুলটি ঢাকার সদরঘাট এলাকার একটি দোতলা ভবনে স্থানান্তরিত হয়। পরে বর্তমানের শাঁখারীবাজারের চিত্তরঞ্জন এভিনিউর ঠিকানায় আসে বিদ্যালয়টি। জমিদার মোহিনী মোহন দাস এ জায়গার ভূমি দান করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
