২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় ‘বি’র উত্তরপত্র, ফল প্রকাশে বিলম্ব

“সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে,” বলেন কলা অনুষদের ডিন।

জাবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় ‘বি’র উত্তরপত্র, ফল প্রকাশে বিলম্ব

ভর্তি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Published : 19 Jun 2023, 08:48 PM

Updated : 19 Jun 2023, 08:48 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছয়জন পরীক্ষার্থী ‘বি’ ইউনিটের উত্তরপত্র পাওয়ার ঘটনায় ফল প্রকাশে জটিলতা তৈরি হয়েছে।

সোমবার সি ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক ফল প্রকাশে বিলম্ব হওয়ার কথা জানান।

তিনি বলেন, “সি ইউনিটের পরীক্ষায় ‘বি’ ইউনিটের ওএমআর পাওয়ার ঘটনা কীভাবে ঘটলো সেটা জানি না। তবে ডিন অফিস থেকে ‘সি’ ইউনিট ছাড়া অন্য কোনও ইউনিটের ওএমআর সরবরাহ করা হয়নি।

“তাই বিষয়টি অস্বাভাবিক লেগেছে। এ ঘটনা আমাদের নজরে আসার পর ফলাফল স্থগিত করা হয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।”

তবে ফল প্রকাশে বিলম্বের কথা অস্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

তিনি বলেন, “ঘটনাটি জেনেছি, তবে এ ঘটনার জন্য ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে তা ঠিক নয়। অন্যান্য ইউনিটের মতো এই ইউনিটের ফলাফল প্রস্তুতের কার্যক্রমও স্বাভাবিকভাবেই চলছে।”

পরীক্ষার ফল প্রস্তুত কমিটির সদস্য জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত করতে গেলে বিষয়টি নজরে আসে। ‘সি’ ইউনিটের ওএমআরগুলো স্ক্যান করার সময় ‘বি’ ইউনিটের ছয়টি ওএমআর পাওয়া যায়।

“পরীক্ষা শেষে ওই কক্ষ থেকে ফেরত পাঠানো বাড়তি প্রশ্নপত্র এবং ওএমআরগুলোর মধ্যে ‘বি’ ইউনিটের আরও ৪৫টি ওএমআর খুঁজে পাই। সেখানে বাতিল করা আরও তিনটি ওএমআর পেয়েছি, যেগুলো ‘বি’ ইউনিটের হওয়ায় বাতিল করা হয়েছে এবং সেগুলোর পরিবর্তে তাদেরকে ‘সি’ ইউনিটের ওএমআর দেওয়া হয়েছে।“

সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারির ১৩০ নম্বর কক্ষে ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে ‘সি’ ইউনিটের পরিবর্তে পরীক্ষার্থীদের ‘বি’ ইউনিটের ছয়টি উত্তরপত্র (ওএমআর) সরবরাহের ঘটনা ঘটে। 

এ বিষয়ে ‘বি’ ইউনিটের অধীন সমাজবিজ্ঞন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, “ওএমআর শিট খামে সিলগালা করা থাকে। ভুলক্রমে ‘সি’ ইউনিটের জায়গায় কয়েকটি ‘বি’ ইউনিটের ওএমআর চলে আসে। ওএমআর শিটের ভেতরে কোনও পার্থক্য নেই। শুধু ওপরে ইউনিটের নাম উল্লেখ থাকে। এ ঘটনার জন্য ফলাফল তৈরিতে কোনও সমস্যা হওয়ার কথা না।”