২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটেল অব মাইন্ডস’ এ চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ

এবার ২২টি বিশ্ববিদ্যালয়ের ৩৮০০ জন প্রতিযোগী ব্যবসা উদ্ভাবনীর এ প্রতিযোগিতায় অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Published : 27 Aug 2023, 09:11 PM

Updated : 27 Aug 2023, 09:11 PM

তরুণ প্রজন্মের মাঝে ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার প্ল্যাটফর্ম ‘ব্যাটেল অব মাইন্ডস’ এর ২০২৩ সালের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর দল 'টিম খিচুড়ি'।

বিজয়ী দলের সদস্যরা হলেন- আবির এরশাদ, মুহতাসিম বিন হাবিব ও মাশরিফ হাসান আদিব।

গত বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চ্যাম্পিয়ন দল ‘সিনার্জি’ নামের উদ্ভাবনী এক প্রকল্পের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে অন্য চার প্রতিযোগী দলকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে।

চ্যাম্পিয়ন দলটি আবর্জনা থেকে পরিবেশবান্ধব বায়োগ্যাস তৈরি করে কীভাবে সিলিন্ডারজাত করে স্বল্প খরচে জনগণের কাছে সরবরাহ করা যায়, তা নিয়ে এ প্রকল্প বানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিযোগিতায় রানার্স আপ হয় আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর শিক্ষার্থী হাসরাত হুমায়ুন ও আজমাঈন বিন রশিদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সালমান সাঈদের দল ‘আযর আহাই’ এবং দ্বিতীয় রানার্সআপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আলাভী রায়হান মাহিম, জুহায়ের আলী ও যুনায়েদ মুবতাসিম ইসলামের দল ‘টুয়েন্টিজ টেনেন্টস’।

এ বছর দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৩৮০০ জন প্রতিযোগী 'ব্যাটেল অব মাইন্ডস' প্রতিযোগিতার ২০তম সংস্করণে অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি ৩৬টি দেশের বিজয়ী দলগুলোর সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নিজ দেশের প্রতিনিধিত্ব করবে। বৈশ্বিকভাবে চ্যাম্পিয়ন দলটি তাদের ব্যবসায়িক উদ্যোগ শুরুর প্রাথমিক তহবিল বা সিড ফান্ডিং হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবে।

এবারের 'ব্যাটেল অব মাইন্ডস' ইএসজি (পরিবেশগত, সামাজিক ও সুশাসন) প্রতিপাদ্যের সঙ্গে সম্পর্কিত জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অন্তর্ভুক্তি- এই চার চ্যালেঞ্জ ঘিরে অনুষ্ঠিত হয়। দলগুলোকে একটি চ্যালেঞ্জ বেছে নিতে বলা হয় এবং বাস্তব সমস্যা মোকাবেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক সমাধান তৈরি করতে বলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি দেশের তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখতে তরুণদের ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম ও হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন সাদ জসিম।

২০০৪ সালে মাত্র চারটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হলেও এখন ২২টির বেশি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে। ৩৬টি দেশে ব্যাটেল অব মাইন্ডস এর কার্যক্রম রয়েছে  বিজ্ঞপ্তিতে জানানো হয়।