ঢাবিতে কোটাবিরোধী আন্দোলনের নেতাকে 'হলছাড়া করার চেষ্টা'
“হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। কাউকে হল ত্যাগ করতে বাধ্য করার জন্য আমরা কোনো নির্দেশ দেইনি,” বলেন ছাত্রলীগের সভাপতি।
সরকারি চাকরির কোটাবিরোধী চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের কয়েকজন অনুসারী তাকে হল থেকে বের হয়ে যাওয়ার ‘নির্দেশ দেয়’ বলে অভিযোগ করেছেন সারজিস।
তবে হলের কোন নেতা তাকে বের হয়ে যেতে বলেছে, তা তিনি প্রকাশ করেননি।
সারজিস বলেন, “আমাকে বলা হয়েছে ছাত্রলীগের হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে, আমি যাতে বের হয়ে যাই। বিষয়টি ফেইসবুকে ছড়িয়ে পড়লে একুশে হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা হলের ফটকে জড়ো হন।
“বিপুল সংখ্যক শিক্ষার্থী হলের ফটকে অবস্থান নিলে ছাত্রলীগের নেতারা এসে আমার কাছে মাফ চাওয়া শুরু করে। তারা চেয়েছিল, আমাকে বের করতে পারলে রাজনৈতিক ফায়দা পাবে বা ক্রেডিট নিতে পারবে।”
তারা ‘ক্ষমা চেয়ে অনুশোচনা করায়’ তাদের নাম প্রকাশ করছেন না বলে সারজিসের ভাষ্য।
শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে রাত ১টার দিকে একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ ঘটনাস্থলে যান। সারজিস হলে থাকবেন বলে তিনি আশ্বস্ত করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হন। এরপর প্রাধ্যক্ষ সারজিসকে তার কক্ষে পৌঁছে দেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক সাংবাদিকদের বলেন, “ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল যে সারজিসকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা হলগেটে ভিড় করেন। মূলত তাকে কিছুই করা হয়নি। তবুও আমি তাকে কক্ষে পৌঁছে দিয়ে এসেছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাউকে হল ছাড়তে নির্দেশ দেইনি। হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। কাউকে হল ত্যাগ করতে বাধ্য করার জন্য আমরা কোনো নির্দেশ দিইনি।”
অন্যদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
