Published : 12 Mar 2026, 09:50 PM
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সনদ পাওয়ার কথা বলেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
বিইউবিটি বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রাম এই সনদ পায় বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সকল শর্ত সফলভাবে পূরণ করায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিইউবিটির প্রতিনিধিদের হাতে এই সনদ তুলে দেয় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কার্যালয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে সনদ গ্রহণ করেন ট্রেজারার অধ্যাপক ড. আলী আহমেদ, রেজিস্টার ড. মো. হারুন-অর-রশিদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক ড. কে আহমেদ আলম এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আল মনসুর।
অ্যাক্রেডিটেশন রুলস ২০২২ অনুযায়ী প্রাপ্ত সনদটি ৫ বছরের জন্য কার্যকর থাকবে।
এই স্বীকৃতির ফলে বিইউবিটির ইইই বিভাগের গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আরো বাড়বে বলে মনে করে বিশ্ববিদ্যালয়টি।