বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন
শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিতে বিইউবিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি-বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইউবিটি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, সাহিত্যিক প্রয়াত সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে ছাত্রজীবনের শিক্ষকদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, “একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও জীবনদর্শন গঠনে তিনি অনন্য ভূমিকা রাখেন।”
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক তৌহিদুল কবির।
শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিতে বিইউবিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অধ্যাপক ঘোষের একাডেমিক জীবন ও গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন ব্যবসায় ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মাসুদ হোসেন।
তিনি বলেন, “অধ্যাপক ঘোষ ভবিষ্যৎ শিক্ষকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব এবং একাডেমিক সততা ও নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি তার বক্তব্যে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সম্মাননা প্রাপ্ত অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তার বক্তব্যে শিক্ষকতা জীবনের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে তোলার আহ্বান জানান।
বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
