Published : 17 Mar 2026, 08:56 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেছেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে ‘সম্মানজনক’ পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করাই হবে তার প্রথম কাজ।
মঙ্গলবার বিকালে উপাচার্য পদে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সারেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আবদুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
যোগদানের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, “সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সকলের সহযোগিতা চাই।”
‘সঠিক পরিকল্পনা’ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নতুন উপাচার্য। সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানকে তিনি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি (অধ্যাপক নিয়াজ) যে কার্যক্রম গ্রহণ করেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করা হবে।”
শুভেচ্ছার ফুল, মিষ্টি বা অন্য কোন ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির নাম ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর করে ওবায়দুল ইসলাম একই শিক্ষায়তনে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।
অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অধ্যাপক ওবায়দুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। দল ক্ষমতায় আসার পর এখন তিনি ভিসি হয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরলেন।