১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

এবার এসব বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১টি।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি
প্রতীকি ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামি ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

গুচ্ছ পদ্ধতিতে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন শুরু হবে মঙ্গলবার, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

রোববার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবার কৃষি গুচ্ছের এই ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১টি।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। 

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হল- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, https://acas.edu.bd এ ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। 

বিজ্ঞপ্তির তথ্য বলছে, ভর্তি পরীক্ষায় ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী (ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর) প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে