বিইউবিটিতে পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাবের রেজিস্ট্রেশন ক্যাম্পেইন
এ আয়োজনে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন বুথে অংশ নিয়ে গেমিং সেটআপ পরিদর্শন করেন এবং ই-স্পোর্টসের সম্ভাবনা বিভিন্ন গুরত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাবের (পিএমসিসি)-২০২৫ রেজিস্ট্রেশন ক্যাম্পেইন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে পাবজি মোবাইল, ইনফিনিক্স মোবাইল এবং ইনগেইম ইস্পোর্টসের যৌথ উদ্যোগে পরিচালিত একটি জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই রেজিস্ট্রেশন ক্যাম্পেইন হয়।
এ আয়োজনে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন বুথে অংশ নিয়ে গেমিং সেটআপ পরিদর্শন করেন এবং ই-স্পোর্টসের সম্ভাবনা বিভিন্ন গুরত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
বিইউবিটির গেমার কমিউনিটির সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী।
তিনি বলেন, “গেমিং এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দ্রুত বর্ধনশীল, প্রযুক্তিনির্ভর শিল্পের প্রবেশদ্বার, যা ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনোভেশন এবং গ্লোবাল প্রতিযোগিতাকে একত্র করে। বিইউবিটি সবসময়ই শিক্ষার্থীদের এই নতুন যুগের চ্যালেঞ্জ গ্রহণে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার সাথে প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
‘বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে অনুষ্ঠানে উপাচার্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কাজী ফজলে রাব্বী এবং সদস্য মো. নাফিউল ইসলাম।
অ্যাসোসিয়েশনটি ই-স্পোর্টস, ডিজিটাল স্কিলস, ফ্রিল্যান্সিং এবং মাদকবিরোধী সচেতনতার মতো বিভিন্ন বিষয়ে যুব সমাজকে সক্রিয় করতে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
