১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসুর কাজ কী, কেন দরকার

এ সংসদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে- স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 11:31 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

অর্ধযুগ বাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যে নির্বাচন হতে যাচ্ছে, সেই সংসদের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই।

প্রায় ৪০ হাজার ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদও নির্বাচিত হতে যাচ্ছে। মঙ্গলবারের এ ভোটে ২৩৪ জন (প্রতিটিতে ১৩ জন) নেতা পাচ্ছে ১৮টি হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রের ‘কার্যাবলি’ ধারায় নয়টি কাজকে তালিকাভুক্ত করা হয়েছে-

>> ছাত্র সংসদ সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এবং সুরক্ষার প্রচেষ্টা চালাবে;

>> সংসদ সদস্যদের ব্যবহারের জন্য কমনরুম তত্ত্বাবধান করবে এবং ইনডোর গেমস, দৈনিক পত্রিকা ও সাময়িকী সরবরাহ করবে;

>> বছরে অন্তত একটি জার্নাল প্রকাশ করবে এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও সভাপতির অনুমোদন সাপেক্ষে অন্যান্য বুলেটিন, ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশ করবে;

>> সময়ে সময়ে বিতর্ক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণের আগ্রহের বিষয়গুলোকে নিয়ে লেকচার আয়োজন করবে এবং যথাসম্ভব মিলনমেলার আয়োজন করবে;

>> বছরে অন্তত একবার সদস্যদের মধ্যে বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, প্রবন্ধ ও ইনডোর গেমসের প্রতিযোগিতা আয়োজন করবে। প্রতিযোগিতাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত হতে পারে;

>> সম্ভব হলে, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও শিক্ষা সম্মেলনগুলোতে প্রতিনিধি প্রেরণ করবে;

>> বিতর্ক প্রতিযোগিতা, সম্মেলন এবং এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পাঠাতে কিংবা আমন্ত্রণ জানাতে পারবে;

>> সামাজিক সেবা কার্যক্রম উৎসাহিত এবং সমাজকল্যাণ বক্তৃতা, সভা ও প্রদর্শনীর আয়োজন এবং সম্ভব হলে বিদ্যালয়গুলোতে এগুলো পরিচালনা করা

>> সভাপতির অনুমোদন সাপেক্ষে নির্বাহী কমিটি সময়ে সময়ে এ ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারবে।

ডাকসুর ‘লক্ষ্য ও উদ্দেশ্য’

গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর ‘লক্ষ্য ও উদ্দেশ্য’ হবে—

>> স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা;

>> বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই ২০২৪ অভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাসের অন্য সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনা প্রতিষ্ঠা;

>> শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো;

>> বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা লালন করা;

>> বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সত্যিকারের নাগরিক হিসাবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্ব তৈরি করা;

>> বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিধিবদ্ধ ও অ্যাফিলিয়েটেড কলেজ বা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ও বিদেশের একই রকমের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা লালন করা।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন।

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।