জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমসাময়িক বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী
প্রদর্শনী চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের উদ্যোগে চার দিনব্যাপী সমসাময়িক ‘শিল্পমান সম্পন্ন’ দেশি ও বিদেশি বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ নিয়ে নির্মিত রায়হান রাফির ‘দামাল’ চলচ্চিত্র দিয়ে প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনী চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র। পরিচালক দিদার বলেন, “অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই ‘কালচারাল মুভমেন্ট’গুলো করতে হয়। যারা ‘কালচারাল একটিভিস্ট’ তারা একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যায় সব জায়গায়। লড়াই চালিয়ে যাওয়াটা কঠিন।”
‘বিউটি সার্কাসে’ জাদুবাস্তবতার আড়ালে জীবনের নানা ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলা হয়েছে জানিয়ে মাহমুদ দিদার বলেন, “খুব বেশি সার্কাস দেখবেন না... আমরা আশা করব সমালোচনার জায়গা থেকে যদি বিষয়টা আপনারা দেখেন, ভালো হবে।”
সুষ্ঠু ধারার চলচ্চিত্রের দর্শক তৈরি করার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ফিল্ম ক্লাবের মেন্টর সামির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে এরকম চলচ্চিত্রের প্রদর্শনী প্রত্যেক মাসে একবার করা উচিত। আমেরিকায় পড়াশোনা করবার সময় আমিও ফিল্ম ক্লাবের সদস্য ছিলাম। আমরা নিয়মিত এরকম আয়োজন করতাম।”
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি নির্মিত ‘কালকক্ষ’ এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’, শুক্রবার রায়হান রাফি নির্মিত ‘দামাল’ এবং রোববার গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘গুণিন’ ও তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্র দেখানো হবে।
