১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের নারী আন্দোলনের সঙ্গে শাহবাগে সংহতি

সমাবেশে বাম সংগঠনের নেতাকর্মীসহ মানবাধিকারকর্মীরা অংশ নেন।

ইরানের নারী আন্দোলনের সঙ্গে শাহবাগে সংহতি

ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’- এর আয়োজনে ইরানের নারী আন্দোলনের সঙ্গে সংহতি সমাবেশ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 08:29 PM

Updated : 15 Oct 2022, 08:30 PM

পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’- এর আয়োজনে এ সমাবেশ হয়।

এতে বাম সংগঠনের নেতাকর্মীসহ মানবাধিকারকর্মীরা অংশ নেন।

যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, সমগ্র আরব বিশ্ব নারীর প্রতি হিংস্র। তার ছোঁয়া বিভিন্ন দেশে লেগেছে। যতদিন এটি থাকবে ততদিন নারীর প্রতি নির্যাতন কমবে না।

“ইরানের নারীরা প্রতিবাদের যে গণজাগরণ তৈরি করেছে সেই প্রতিবাদকে শক্তিতে রুপান্তর করে সমগ্র দুনিয়ায় যে সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতায় বসে আছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।”

সমাবেশ নারীর প্রতি সহিসংতার প্রতিবাদে বাংলাদেশ সরকারের বিবৃতিও আহ্বান করা হয়।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে উন্নয়নকর্মী শাহনাজ সুমি বলেন, ইরানের পুলিশ সেই দেশের নারীদের প্রতি যে আচরণ করছেন এটা সন্ত্রাসী আচরণ। এটা বাংলাদেশেও হচ্ছে।

“এখানে টিপ পরার অপরাধে, টিশার্ট পরার কারণে হেনস্তার শিকার হতে হয়েছে। আমরা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদে করেছি। কিন্তু আমাদের আইনি ব্যবস্থা যারা পরিচালনা করছেন তারা এসব ঘটনায় তাদের পুরুষতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন।”

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী বলেন, ইরানে নারীরা যে আন্দোলন করছে এই আন্দোলন নারীর স্বাধীনতায় পথ দেখাবে। যে মৌলবাদী শক্তি নারীদের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াতে চায় তাদের প্রতি একটা বার্তা দিচ্ছে যে কুপমণ্ডুক চিন্তা দিয়ে নারীদের ঘরের মধ্যে বন্দি করে রাখা যাবে না।

“এ আন্দোলনের মাধ্যমে নারী মুক্তির আন্দোলন আরও শক্তিশালী হবে।”

সমাবেশে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক আকরামুল হক, সিপিবি নেতা লুনা নূর, ফৌজিয়া খন্দকার, মাহবুবু টুংকু, মুশফিকা লাইজু ইরানসহ বিভিন্ন মানবাধিকার কর্মী এবং বাম সংগঠনের নেতারা অংশ নেন।

আরও পড়ুন 

পুরানো খবর:

ইরানে নারী বিক্ষোভকারীদেরকে পুলিশের যৌন লাঞ্ছনা, ভিডিও ঘিরে ক্ষোভ