১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুয়েটে শত কোটি টাকায় হবে ‘ন্যানো ল্যাব’: পলক

“প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনুমতি দিয়েছেন; এটি টেন্ডার প্রক্রিয়াতেও চলে গেছে,” বলেন তিনি।

বুয়েটে শত কোটি টাকায় হবে ‘ন্যানো ল্যাব’: পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:26 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ‘ন্যানো ল্যাব’ স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট অব রোবটিকস অ্যান্ড অটোমেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনুমতি দিয়েছেন। এটি টেন্ডার প্রক্রিয়াতেও চলে গেছে।

“২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৈষম্যমুক্ত, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ অর্জন করার জন্য প্রয়োজন মেধাবী স্মার্ট প্রজন্ম, যারা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।”

ইনস্টিটিউট অব রোবটিকস অ্যান্ড অটোমেশন সম্পর্কে পলক বলেন, “বুয়েট শিক্ষার্থীদের রোবোটিকস সম্পর্কে আরও বেশি করে শেখা ও জানার সুযোগ করে দেওয়ার জন্য ইনস্টিটিউট অব রোবটিকস অ্যান্ড অটোমেশন আমরা স্থাপন করছি। আমাদের ছোট আকারের রোবোটিকস ল্যাব থেকে আজ রোবোটিকস ইনস্টিটিউট হচ্ছে।

“ভবিষ্যতে উদ্ভাবক, গবেষক, স্টার্টআপগুলো এখান থেকেই তৈরি হবে। সঙ্গে রোবোটিকসে দক্ষ জনশক্তি আমরা এখান থেকেই গড়ে তুলতে পারব।”

রোবোটিকসকে স্কুল-কলেজ পর্যায়ে নেওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আগামী দুই-তিন দশকে প্রযুক্তি আমাদের সবকিছুর আমূল পরিবর্তন করে দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে খরচ নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেন। আমরা রোবোটিকসকে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজ, স্কুল, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বুয়েটের তৈরি ‘রোবোসেবা-হেলথ অবজেকটিভ রোবট’। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।