২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল গবেষণা সম্মেলন

দুই দিনের সম্মেলনে অংশ নেন ২০০ জন, গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় ১৫টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 09:46 PM

Updated : 02 Mar 2024, 09:46 PM

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘তৃতীয় ইস্ট ওয়েস্ট ইকোনমিক্স রিসার্চ কনক্লেভ ২০২৪’ শিরোনামে দুইদিনের গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ও শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, এ ধরনের গবেষণা সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষকদের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের কাছ থেকে গবেষণা শেখা, উপস্থাপন করা এবং প্রতিক্রিয়া পাবার সুযোগ করে দেয়। 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বিষয় ছিল ‘টেকসই এবং সরবরাহ ব্যবস্থাপনা’। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির কুহেনে লজিস্টিক ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান সি ম্যাককিনন। 

তিনি জলবায়ু সংকট মোকাবেলায় সরবরাহ ব্যবস্থাপনার ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে বিশদ আলোচনা করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ধাপের মধ্যে ব্যবধান কমিয়ে আনার তাগিদ দেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করা বৈশ্বিক চুক্তি সবাইকে মেনে চলতে হবে। আমাদের প্রাকৃতিক সম্পদ যেন শুধু বর্তমান প্রজন্মের সমৃদ্ধির ব্যবহৃত না হয়, এখান থেকে ভবিষ্যত প্রজন্মের সন্তানরা সুফল ভোগ করতে পারে সেই লক্ষ্য রেখে কাজ করে যেতে হবে।” 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক শামস রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারপারসন মুনতাসির চৌধুরী বক্তব্য রাখেন। দুই দিনের সম্মেলনে অংশ নেন ২০০ জন, গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় ১৫টি।