২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক সংস্থা ‘ডায়জায়ন’ এর সঙ্গে ইস্ট ওয়েস্টের সমঝোতা

ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব এবং টেকসই করার জন্য কী ধরনের উদ্যোগ নিতে হবে সেসব খুঁজে বের করবে ডায়জায়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 07:07 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

টেকসই ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়তে দক্ষিণ কোরিয়ার ‘ডায়জায়ন’ এর সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের নিবন্ধিত এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন এর সদস্য ডায়জায়ন মঙ্গলবার এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর ফলে আগামী দুই বছর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ এবং পানির মত সম্পদগুলো সাশ্রয়, সংরক্ষণ, পুনরায় ব্যবহার উপযোগী করার ব্যাপারে সহায়তা করবে সংস্থাটি। পাশাপাশি ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব এবং টেকসই করার জন্য কী ধরনের উদ্যোগ নিতে হবে সেসব খুঁজে বের করবে।”

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, ডায়জায়নের ভাইস-প্রেসিডেন্ট জায়েগুন কিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন এবং সহযোগী অধ্যাপক মাহিন ইসলাম সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।