১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’: জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

এর আগে আরও কয়েক বিশ্ববিদ্যালয়ে এমন কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 09:04 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশে ফিরিয়ে আনার’ জন্য ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘জড়িত’ থাকার অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচারর্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করার তথ্য বৃহস্পতিবার দিয়েছে শিক্ষালয়টির জনসংযোগ দপ্তর।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে তৎপরতা চালাতে এ বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করার কথা জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসব শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, “একটা সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এটা একটা খতিয়ে দেখা কমিটি। তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি।” 

কমিটি গঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। কমিটি অভিযোগ ওঠা শিক্ষকদের বিষয় খতিয়ে দেখে ‘করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ’ করবে।

কমিটির অন্য দুইজন সদস্য হলেন- বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইকরামুল হক।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একই অভিযোগে শিক্ষকদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পৃথক পৃথক কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি  প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। 

“প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে তুলে ধরা হয়েছিল। তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা গেছে। আরও কারও নাম শনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।”

আরও পড়ুন:    

'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের' অভিযোগ: জবির ৬৮ শিক্ষককে ঘিরে তদন্ত কমিটি

'রাষ্ট্রবিরোধী তৎপরতায়' জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে চবিতে কমিটি গঠন

হাসিনাকে ফেরানোর তৎপরতায় যুক্ত শিক্ষকদের খুঁজতে খুবিতে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের 'গোপন তৎপরতার' অভিযোগ তদন্তে কমিটি