Published : 12 Aug 2026, 10:14 AM
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষক যুক্ত কিনা, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সূত্রের খবরে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন তৎপরতায় যুক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এ ধরনের কোনো গোপন তৎপরতায় জড়িত কি না, তা সুষ্ঠুভাবে অনুসন্ধানের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিনকে সভাপতি এবং ছাত্রবিষয়ক পরিচালককে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষা স্কুলের ডিন, আইন স্কুলের ডিন ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযোগের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতা ও জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়গুলো আছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দীন বলেন, “চিঠি পেয়েছি। কমিটির এখনো কোনো সভা হয়নি। এর সভাপতি সভা আহ্বান করবেন। তবে খুব শিগগিরই আমরা বসব।”
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের 'গোপন তৎপরতার' অভিযোগ তদন্তে কমিটি