২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগ: জবির ৬৮ শিক্ষককে ঘিরে তদন্ত কমিটি

“এখানে অনেক শিক্ষকের নাম সরাসরি এসেছে, অনেকের ছদ্মনাম এসেছে, আবার কিছু নাম আছে যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের বলে মনে হয়নি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 11:30 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার’ অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশে কমিটিকে ১০ অগাস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনও এদিন তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি করেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দলকে সক্রিয় করতে তৎপর শিক্ষকদের চিহ্নিত করতে ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ তথ্যানুসন্ধান কমিটি গঠনের কথা বলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপের’ অভিযোগ ‘গুরুতর’ হওয়ায় তারা তদন্ত কমিটি করেছে। 

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে আহ্বায়ক ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেককে সদস্য সচিব করে গঠিত কমিটর অন্য দুই সদস্য হলেন-রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব অভিযোগ গুরুতর হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক শিক্ষকের নাম সরাসরি এসেছে, অনেকের ছদ্মনাম এসেছে আবার কিছু নাম আছে যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের বলে মনে হয়নি। 

“এসব বিষয় পর্যালোচনা করে একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যেই কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুসারে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “‘এশিয়া পোস্ট’ পত্রিকায় প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপের অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং তদন্ত করে প্রতিবেদন প্রস্তুত করবে কমিটি।

“কমিটিকে আগামী ১০ অগাস্টের মধ্যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে দাখিল করতে বলা হয়েছে।”

আদেশে বলা হয়েছে, “ওই গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হামলায় কোনো ভূমিকা ছিল কি না, সে বিষয়েও অনুসন্ধান করে মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”