Published : 18 Jul 2023, 06:21 PM
দনিয়া কলেজ ও দনিয়া পাঠাগারের যৌথ আয়োজনে ‘গ্রন্থপাঠ প্রতিক্রিয়া’র দেড়শ জনের মধ্যে পুরস্কার পেয়েছেন কলেজের পাঁচজন শিক্ষার্থী।
মঙ্গলবার দনিয়া কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণিতে পড়ুয়া বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়।
দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আয়োজনে কলেজের দেড়শ জন শিক্ষার্থী অংশ নেন। তারা প্রয়াত সাহিত্যিক হাসান আজিজুল হকের লেখা 'একাত্তর: করতলে ছিন্নমাথা' বইটি পড়েন। তারপর বইটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া লিখিত আকারে জমা দেন আয়োজকদের কাছে।
এদের পাঁচজনকে সেরা পাঠক নির্বাচিত করে তাদের হাতে বই, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয় এবং ৩৮ জনকে সনদপত্র দেওয়া হয় বলে জানান শাহনেওয়াজ।
সেরা পাঁচ পাঠক হলেন- মাইমুন ইসলাম, আফছানা আক্তার মনিরা, আরাফাত রহমান মারুফ, মো. সাইফুল ইসলাম ও আকেয়া ইসলাম সাথী।
দনিয়া পাঠাগারের সঙ্গে যৌথভাবে কলেজ কর্তৃপক্ষ প্রথমবারের মতো এ উদ্যোগ নেয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়া।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরে সবাইকে অসাম্প্রদায়িকতার শক্তিতে বলীয়ান হয়ে দেশের সম্প্রীতি রক্ষার আহবান জানান মফিদুল হক। তিনি এ ধরনের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।
হাফসা সাবার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. শাহনেওয়াজ। এছাড়া গান পরিবেশন করেন তাহমিনা খন্দকার মুক্তি।