Published : 13 Sep 2025, 06:30 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তৃতীয় ‘কৃষি জৈবপ্রযুক্তি যুব ফোরাম’ কর্মশালার উদ্বোধনী সেশন হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওআইসি-কমস্টেক, ইসলামিক ফুড সিকিউরিটি সংস্থার সঙ্গে শনিবার যৌথভাবে এ আয়োজন করে বলে এনএসইউ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেশনে তুরস্ক, মালয়েশিয়া, আজারবাইজান, পাকিস্তান, কাজাখস্তানের প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনের এ আয়োজনের প্রথম দিনে বিভিন্ন প্রযুক্তিগত সেশনে তারা কথা বলেন। কৃষি-জৈবপ্রযুক্তিতে জ্ঞান ভাগাভাগি ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় কর্মশালায়।
কমস্টেক ফোকাল পারসন ফর বাংলাদেশ ও এনএসইউ’র বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান বলেন, “জৈবপ্রযুক্তি কৃষি ও পুষ্টি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পথ খুলে দিতে পারে। আমাদের যুব সমাজকে এ যাত্রার নেতৃত্ব দিতে হবে এবং জ্ঞানকে বাস্তব সমাধানে রূপান্তর করতে হবে।”
ইসলামিক ফুড সিকিউরিটি সংস্থার সহকারী মহাপরিচালক খুসরভ নোজিরি বলেন, “খাদ্য নিরাপত্তা একটি সম্মিলিত চ্যালেঞ্জ। এই ফোরাম যুব বিজ্ঞানীদের জ্ঞান ভাগাভাগি ও নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দেয়। জনসাধারণের বিশ্বাস অর্জনের জন্য জিনোম প্রযুক্তি নিরাপদ, স্বচ্ছ ও নৈতিকভাবে ব্যবহার করতে হবে।”

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “উদ্ভাবনের মাধ্যমে আমরা কৃষকদের জন্য টেকসই সমাধান তৈরি করে দীর্ঘমেয়াদি খাদ্য স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি। এনএসইউ থেকে আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, কিন্তু মূল চ্যালেঞ্জ মোকাবেলা করবে যুব গবেষকরা, যারা নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করবে।”
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, ওআইসি-কমস্টেকের কো-অর্ডিনেটর জেনারেল অধ্যাপক মুহাম্মদ ইকবাল চৌধুরী, এনএসইউ ট্রাস্টিবোর্ড সদস্য এমএ কাশেম, বেনজীর আহমেদ, ইয়াসমিন কামাল, এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) আবদুর রব খান উপস্থিত ছিলেন।