এনএসইউতে ‘সিঙ্গাপুর ফিল্ম শোকেস’
সিঙ্গাপুরের ৬০ বছরের সমৃদ্ধ সংস্কৃতি, সংযোগ ও চলচ্চিত্র ঐতিহ্য উদযাপনের অংশ হিসেবে এ আয়োজনে প্রদর্শন করা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) হয়ে গেল ‘সিঙ্গাপুর ফিল্ম শোকেস’।
সিঙ্গাপুরের ৬০ বছরের সমৃদ্ধ সংস্কৃতি, সংযোগ ও চলচ্চিত্র ঐতিহ্য উদযাপনের অংশ হিসেবে এ আয়োজনে দুটি সিঙ্গাপুরি চলচ্চিত্র কপিতিয়াম ডেইজ এবং টুয়েলভ স্টোরিস প্রদর্শন করা হয়।
মঙ্গলবার এনএসইউর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুর হাই কমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানসহ শীর্ষ প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী তার বক্তব্যে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার ও দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
শার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এনএসইউর এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও যৌথ কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এনএসইউ কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী আয়োজনের মাধ্যমে। এরপর প্রদর্শিত হয় সিঙ্গাপুরের সামাজিক কাঠামোকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন চলচ্চিত্র কপিতিয়াম ডেইজ।
বিরতির পর দর্শকরা উপভোগ করেন শহুরে জীবনের জটিলতা ও বাস্তবতাকে তুলে ধরা টুয়েলভ স্টোরিস।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স আয়োজিত এ অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা।
