১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে

সিলেটের এই বিশেষ ব্লেন্ডের চা-কে পর্তুগিজ রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে নামকরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 07:36 PM

Updated : 18 Nov 2026, 07:36 PM

‘লন্ডন টি এক্সচেঞ্জ’-এর সঙ্গে যুক্ত হয়ে সিলেটের চা-কে বিশ্ব পরিসর বিশেষ করে ইউরোপের বাজারে পরিচিত করতে চান পর্তুগালের রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার সদস্য ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মঙ্গলবার ‘লন্ডন টি এক্সচেঞ্জ’ এর নিজস্ব আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটে উৎপাদিত চায়ের বিশেষ ব্র্যান্ড ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ এর উদ্বোধন করেন তিনি।

এ সময় পর্তুগিজ রাজকন্যা বলেন, “আমরা ‘সিলেট টি’ ব্র্যান্ডটিকে আরও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ এটি সত্যিই অসাধারণ এবং বাংলাদেশ সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।”

অনুষ্ঠানে সিলেটের এই বিশেষ ব্লেন্ডের চা-কে পর্তুগিজ রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে এর নামকরণ করা হয়।

বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিতে চায়ের গুরুত্বের কথা তুলে ধরে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা নিজের পরিবারের ইতিহাসের কথাও বলেন। তিনি বলেন, “আমার মনে হয় চা এমন একটি জিনিস, এটি বাংলাদেশের অনেক বড় একটি অংশ। যেহেতু আমার পূর্বপুরুষই এটি ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন, তাই এটি আমার কাছে খুবই অর্থবহ মনে হয়েছে।

“এই প্রকল্প এবং লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হতে পারা অত্যন্ত সম্মানের বিষয়। আর আমার পরিবারের নামে একটি চা থাকা খুবই বিশেষ ব্যাপার।”

বাংলাদেশের চায়ের ঐতিহ্য ও সম্ভাবনার প্রশংসা করে তিনি ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের পরিচিতি বাড়াতে তার সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের দরপতন, নিলাম দর ও অর্থায়নের সমস্যা নিয়েও আলোচনা হয়। সেখানে লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শেখ আলিউর রহমান বলেন, “উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে চায়ের দাম বাড়ানো এবং বাগানগুলোর জন্য কম সুদে অর্থায়ন নিশ্চিত করা জরুরি।”

ভারত তাদের আসাম ও দার্জিলিং এবং শ্রীলঙ্কা তাদের সিলন চায়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী আঞ্চলিক ব্র্যান্ড তৈরি করেছে বর্ণনা করে আলিউর রহমান, বাংলাদেশেও সিলেটের চা-কে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মত দেন।

এ লক্ষ্যেই লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের উন্নতমানের চা সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং ও রপ্তানিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

তার দাবি, সিলেটে প্রতিষ্ঠানটির প্যাকেজিং ইউনিট, চা পরীক্ষা সুবিধা এবং ওয়্যারহাউস প্রতিষ্ঠা করা হয়েছে। এসব অবকাঠামো বাংলাদেশের চায়ের মান নিয়ন্ত্রণ ও রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।

এ সময় সাংবাদিকরা চা শ্রমিকদের মজুরি নিয়ে প্রশ্ন করলে জবাবে আলিউর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে চায়ের মূল্য ও নিলাম দর কম থাকায় অনেক বাগান লোকসানে পড়েছে। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে, চা কোনো সস্তা পণ্য নয়। সুতরাং আমাদের মেনে নিতে হবে যে, চায়ের দাম বাড়াতে হবে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিলাম দর বাড়ানো প্রয়োজন।

“আপনি যদি আজ থেকে ২০ বছর আগের দামের সঙ্গে বর্তমান দামের তুলনা করেন, অন্য যে কোনো পণ্যের সঙ্গে তুলনা করলে দেখবেন চা অনেক পিছিয়ে পড়েছে।”

দাম বাড়লে একইসঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু বৃদ্ধির সুযোগ থাকবে বলেও তিনি মত দেন। এ জন্য চা বাগানের অর্থায়নকে তিনি সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

আলিউর রহমান বলেন, “চা এখনো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ফলে চা বাগানগুলোর অর্থায়নের ক্ষেত্রে সুদের হার অনেক বেশি।”

রপ্তানি বাড়ানো ও বিদেশে নতুন বাজার তৈরির ওপর জোর দেন তিনি। তার কথায়, “আরও গুরুত্বপূর্ণ হল, আমরা যদি রপ্তানি করতে পারি এবং বিদেশে বাজার তৈরি করতে পারি, তবে চা বাগানগুলোও একই কাজ মানসম্মতভাবে করতে পারবে।”

সে ক্ষেত্রে মজুরি বৃদ্ধির সুযোগ থাকার ইঙ্গিত দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিকুর রহমান চৌধুরী।